ঢাকা, ২৮ জুন ২০২৬ – ইউয়ানে উইসার জোড়া গোলে উজবেকিস্তানকে ৩-১ ব্যবধানে পরাজিত করে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআর কঙ্গো)। খবর বাসস
বিশ্বকাপে এটিই ডিআর কঙ্গোর প্রথম জয়। কে-গ্রুপে কলম্বিয়া ও পর্তুগালের পর সেরা তৃতীয় দল হিসেবে শেষ ৩২-এ উঠে এসেছে আফ্রিকার প্রতিনিধিরা। আগামী পর্বে তাদের প্রতিপক্ষ হবে শক্তিশালী ইংল্যান্ড।

আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচে ১০ মিনিটে অধিনায়ক এলডর শোমুরোদভের গোলে এগিয়ে যায় উজবেকিস্তান। তবে ম্যাচে দ্রুতই ঘুরে দাঁড়ায় ডিআর কঙ্গো। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে সমতা ফেরান নিউক্যাসল ইউনাইটেডের ফরোয়ার্ড ইউয়ানে উইসা। মাত্র দুই মিনিট পর ফিস্টন মায়েলের গোলে এগিয়ে যায় কঙ্গো। যোগ করা সময়ে উইসা নিজের দ্বিতীয় গোল করে ৩-১ ব্যবধানে ঐতিহাসিক জয় নিশ্চিত করেন। এবারের বিশ্বকাপে এটি তার তৃতীয় গোল।
ম্যাচ শুরুর ৩০ সেকেন্ডেই শোমুরোদভ বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়। তবে ১০ মিনিটে ইস্তাম্বুল বাসাকশেহিরের এই স্ট্রাইকার দুর্দান্ত এক লব শটে গোল করে দলকে এগিয়ে দেন।
অন্যদিকে, নাথানায়েল এমবুকুর একটি গোল ভিএআর পর্যালোচনায় ফাউলের কারণে বাতিল হয়। পরে ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার আবদুকোদির খুসানোভের ট্যাকলে উইসা বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ডিআর কঙ্গো। স্পট কিক থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান তিনি।

এরপর মেশাক এলিয়ার শট থেকে ফিরতি বলে ফিস্টন মায়েলে গোল করে কঙ্গোকে এগিয়ে দেন। ইনজুরি সময়ে বক্সের বাইরে থেকে দারুণ বাঁকানো শটে উইসা জয় নিশ্চিত করেন।
ম্যাচ শেষে ডিআর কঙ্গোর কোচ সেবাস্তিয়ান দেসাব্রে বলেন, “নিউক্যাসলে কঠিন একটি মৌসুম কাটানোর পর উইসা আবারও তার সেরা ছন্দে ফিরেছে। আজ সে দলের জন্য অসাধারণ পারফরম্যান্স উপহার দিয়েছে।”
এই জয়ের মধ্য দিয়ে চলতি বিশ্বকাপে আফ্রিকান দলগুলোর সফলতা আরও উজ্জ্বল হলো। টুর্নামেন্টে অংশ নেওয়া ১০টি আফ্রিকান দলের মধ্যে এখন পর্যন্ত শুধু তিউনিসিয়াই বিদায় নিয়েছে।