কাউন্টিতে অভিষেকেই ৯ উইকেট হাসানের

কাউন্টি চ্যাম্পিয়নশিপে অভিষেকেই বল হাতে ক্যারিয়ার সেরা বোলিংয়ের নজির গড়লেন বাংলাদেশ পেসার হাসান মাহমুদ। ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে দুই ইনিংসে বল হাতে ১০১ রানে ৯ উইকেট শিকার করেন কেন্টের হয়ে খেলতে নামা হাসান। তার দুর্দান্ত বোলিংয়ে ম্যাচের তৃতীয় দিন কেন্ট ১৪০ রানের বড় ব্যবধানে হারায় ল্যাঙ্কাশায়ারকে। খবব বাসস

কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন টু-এ ঘরের মাঠ ব্লাকপুলে টস জিতে কেন্টকে প্রথমে ব্যাট করতে পাঠায় ল্যাঙ্কারশায়ার। চারদিনের ম্যাচের প্রথম ইনিংসে ১৭৮ রানে অলআউট হয় কেন্ট। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন ওপেনার বেন ডাওকিন্স। শেষ ব্যাটার হিসেবে নেমে অপরাজিত ৬ রান করেন হাসান।

জবাবে ৮৭ রানে গুটিয়ে যায় ল্যাঙ্কাশায়ার। বল হাতে কেন্টের পেসার কিথ ডাডজেন ৬ উইকেট নেন। ৬ ওভার বল করে ৩২ রানে ৩ উইকেট শিকার করেন হাসান।

প্রথম ইনিংস থেকে পাওয়া ৯১ রানের লিডকে সাথে নিয়ে দ্বিতীয় ইনিংসে ৩৩২ রানে থামে কেন্ট। ফলে ল্যাঙ্কাশায়ারকে ৪২৪ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় কেন্ট। দ্বিতীয় ইনিংসে কেন্টের হয়ে ১০৩ রান করেন ক্রিস বেনঞ্জামিন। হাসান ৪ রানে আউট হন।

৪২৪ রান তাড়া করতে নেমে হাসানের বোলিং তোপে ২৮৩ রানে গুটিয়ে যায় ল্যাঙ্কাশায়ার। তৃতীয় বোলার হিসেবে আক্রমণে এসে ১৬ ওভারে ৬৯ রানে ৬ উইকেট শিকার করেন হাসান। ইনিংস বিবেচনায় প্রথম শ্রেণির ক্রিকেটে এটি হাসানের ক্যারিয়ার সেরা বোলিং ফিগার। ম্যাচে ১০১ রানে ৯ উইকেট নেন তিনি। ম্যাচ বিবেচনায় এটিও হাসানের ক্যারিয়ার সেরা বোলিং নৈপুন্যে।

এ ম্যাচে ৯ উইকেট নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ১শ উইকেট পূর্ণ করেছেন ২৬ বছর বয়সী হাসান।

ম্যাচ শেষে হাসানের বোলিংয়ের প্রশংসা করেছেন কেন্ট অধিনায়ক বেল ড্রামন্ড। তিনি বলেন, ‘বিশ্বমানের বোলিং করেছে হাসান। ম্যাচ জুড়ে ভালো দক্ষতা ও গতি নিয়ে বল করেছে সে। যখনই প্রয়োজন ছিল উইকেট নিয়েছে হাসান। দুই দিকেই বল সুইং করিয়েছে সে।’

সব মিলিয়ে কেন্টের হয়ে ছয়টি ম্যাচ খেলবেন হাসান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

1 × four =