কামতা গ্যাসফিল্ডে কূপ খনন কাজের উদ্বোধন করলেন জ্বালানি প্রতিমন্ত্রী

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার কামতা গ্যাসফিল্ডে একটি মূল্যায়ন-কাম-উন্নয়ন কূপ খনন কাজের উদ্বোধন করা হয়েছে। খবর বাসস

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আজ বুধবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কূপ খনন কাজের উদ্বোধন করেন।

পেট্রোবাংলার আওতাধীন বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) এই কার্যক্রম বাস্তবায়ন করছে।

অনুষ্ঠানে বিজিএফসিএল পরিচালনা পরিষদের সাবেক সচিব ও চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানসহ পেট্রোবাংলার পরিচালকবৃন্দ,বিজিএফসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আব্দুল জলিল প্রামানিক, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, পেট্রোবাংলা, বিজিএফসিএল-এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ, সমন্বিত খনন ঠিকাদার সিসিডিসি-এর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

দেশীয় উৎস থেকে গ্যাস উৎপাদন বৃদ্ধি এবং আমদানিকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) ওপর নির্ভরতা কমিয়ে জ্বালানি নিরাপত্তা জোরদারের লক্ষ্যে তিতাস ও কামতা ফিল্ডে ৪টি মূল্যায়ন-কাম-উন্নয়ন কূপ খনন প্রকল্প গ্রহণ করা হয়।

গত ২ ফেব্রুয়ারি একনেক সভায় প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। ২০ ফেব্রুয়ারি জারি করা প্রশাসনিক আদেশ অনুযায়ী, ১ হাজার ২৫৫ কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পে সরকার ৮৭২ দশমিক ২০ কোটি টাকা এবং বিজিএফসিএল ৩৮২ দশমিক ৮০ কোটি টাকা অর্থায়ন করবে।

প্রকল্পের আওতায় তিতাস ফিল্ডে ৩টি এবং কামতা ফিল্ডে একটি কূপ খনন, বৈদেশিক পরামর্শক নিয়োগ, তিতাসে গ্যাস গ্যাদারিং পাইপলাইন নির্মাণ এবং কামতায় প্রসেস প্লান্ট স্থাপনসহ আনুষঙ্গিক কাজ করা হচ্ছে।

প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে আগামী বছরের জুনের মধ্যে প্রথম বছরে দৈনিক প্রায় ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

কামতা-২ কূপের খনন ও পরীক্ষণ শেষ হলে প্রায় ১২০ দিনের মধ্যে দৈনিক প্রায় ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে বলে আশা করা হচ্ছে।

এ ছাড়া বর্তমানে তিতাস-২৮ নং কূপের খনন শেষ পর্যায়ে রয়েছে। এটি সম্পন্ন হলে তিতাস-২৯ নং কূপের খনন কাজ শুরু হবে। একইসঙ্গে কামতা-২ নং কূপের খনন কার্যক্রমও শুরু হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

two × one =