দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিশ্বকাপ শেষ করল বাংলাদেশ

হার দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করল বাংলাদেশ। গ্রুপ-১ নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৪ উইকেটে হারে টাইগ্রেসরা। খবর বাসস

প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১১৭ রান করে বাংলাদেশ। জবাবে ৪ বল হাতে রেখে ৬ উইকেটে ১১৮ রান তুলে জয়ের স্বাদ নেয় দক্ষিণ আফ্রিকা। এই জয়ে ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখল প্রোটিয়ারা।

দক্ষিণ আফ্রিকার কাছে হেরে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ থেকে বিদায় নিল বাংলাদেশ। এ ম্যাচের আগে যদি-কিন্তুর উপর টাইগ্রেসদের সেমির আশা বেঁচে ছিল। ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে থেকে বিশ্বকাপ শেষ করল নিগার সুলতানার দল। গ্রুপ পর্বে পাকিস্তান ও নেদারল্যান্ডসকে হারায় বাংলাদেশ।

লর্ডসে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেয় বাংলাদেশ। ইনিংসের প্রথম ডেলিভারিতে উইকেট হারায় টাইগ্রেসরা। গোল্ডেন ডাক মারেন ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস।

রানের খাতা খুলে ইনিংসের চতুর্থ ওভারে সাজঘরে ফিরেন বাংলাদেশের আরেক ওপেনার তাজ নেহার। ১২ বলে ১ রান করেন তিনি।

১৪ রানের মধ্যে দুই ওপেনারের বিদায়ের পর বাংলাদেশের হাল ধরেন সোবহানা মোস্তারি ও শারমিন আক্তার। ৬২ বলে ৫৬ রানের জুটিতে দলকে চাপমুক্ত করেন তারা।

দলীয় ৭০ ও ৭৭ রানে সাজঘরের পথ ধরেন দু’জনই। শারমিন ১টি চারে ২৯ বলে ২২ এবং সোবহানা ৩টি চার ও ১টি ছক্কায় ৪৮ বলে ৪২ রান করেন।

ছয় নম্বরে নেমে ৪ রানের বেশি করতে পারেননি স্বর্ণা আকতার। ৯৫ রানে পঞ্চম উইকেট পতনের পর ইনিংসের শেষ ১১ বলে বাংলাদেশকে ২২ রান এনে দেন অধিনায়ক নিগার সুলতানা ও রিতু মনি। এতে ২০ ওভারে ৫ উইকেটে ১১৭ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

৪টি চার ও ১টি ছক্কায় ২০ বলে অনবদ্য ৩২ রান করেন নিগার। ১ রানে অপরাজিত থাকেন রিতু।

দক্ষিণ আফ্রিকার ননকুলুলেকো ম্লাবা ২ উইকেট নেন।

দক্ষিণ আফ্রিকাকে ১১৮ রানের টার্গেট ছুঁড়ে দিয়ে ইনিংসের প্রথম বলেই উইকেট শিকারে মেতে উঠে বাংলাদেশ। পেসার মারুফা আক্তারের দারুন ডেলিভারিতে বোল্ড হয়ে গোল্ডেন ডাক মারেন দক্ষিণ আফ্রিকার সেরা ব্যাটার ও অধিনায়ক লরা উলভার্ট।

এরপর ৫২ রানের জুটিতে দক্ষিণ আফ্রিকাকে ভালো অবস্থায় নেন তাজমিন ব্রিটস ও আনিরি ডার্কসেন। ৭ রানের ব্যবধানে এই দুই সেট ব্যাটারকে ফিরিয়ে বাংলাদেশকে লড়াইয়ে ফেরান বাঁ-হাতি স্পিনার নাহিদা আক্তার। ব্রিটস ২০ ও ডার্কসেন ৪৫ রান করেন।

এরপর ভ্যান নির্কাককে ৪ রানে বাঁ-হাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা এবং মারিজানে কাপ্প ১৬ রানে রান আউট হয়ে বিদায় নিলে জয়ের লড়াইয়ে টিকে থাকে বাংলাদেশ। শেষ ১৫ বলে ১৬ রান দরকার পড়ে দক্ষিণ আফ্রিকার।

কিন্তু শেষ পর্যন্ত ৪ বাকী রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিন আফ্রিকা।

বাংলাদেশের নাহিদা ২টি, মারুফা-মেঘলা ও রিতু মনি ১টি করে উইকেট নেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

8 − 1 =