বলিউড সুপারস্টার আমির খান মুম্বাইয়ের অভিজাত পালি হিলে পরিবারের জন্য একটি বিলাসবহুল ‘স্কাই ভিলা’ নির্মাণের পরিকল্পনা করছেন বলে ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে।
ফ্রি প্রেস জার্নাল-এর প্রতিবেদনের বরাত দিয়ে বলা হয়েছে, পুনর্নির্মাণাধীন আবাসন প্রকল্পে অতিরিক্ত কয়েকটি ফ্ল্যাট কিনতে আমির ১০০ কোটিরও বেশি রুপি বিনিয়োগ করেছেন। ভবিষ্যতে এসব ইউনিট একত্র করে একটি বৃহৎ বহুতল ‘স্কাই ভিলা’ তৈরি করা হবে, যেখানে তার পরিবারের প্রায় সব সদস্য একসঙ্গে বসবাস করবেন।
এই পরিকল্পনার সূত্রপাত ২০২৪ সালে। তখন জানা যায়, পালি হিলের বেলা ভিস্তা ও মেরিনা অ্যাপার্টমেন্টস নামে দুটি আবাসিক ভবন পুনর্নির্মাণের জন্য আমির খান সাময়িকভাবে নিজের বাসা ছাড়বেন। পুরোনো ভবন দুটি ভেঙে নতুন আবাসন নির্মাণ করা হচ্ছে, যা ২০৩০ সালের মধ্যে সম্পন্ন হওয়ার কথা।
প্রতিবেদন অনুযায়ী, পুনর্নির্মাণ শুরুর আগেই আমির খান ছিলেন প্রকল্পটির অন্যতম বড় অংশীদার। বেলা ভিস্তার ২৪টি ফ্ল্যাটের মধ্যে তার মালিকানায় ছিল ৯টি, পাশাপাশি মেরিনা অ্যাপার্টমেন্টসেও তার একাধিক ইউনিট ছিল।
এদিকে, সাম্প্রতিক সময়ে আমির খানের ব্যক্তিগত জীবনও আলোচনায় রয়েছে। বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, তিনি বর্তমানে গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক সম্পর্কে রয়েছেন। তবে এ বিষয়ে আমির খান আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো মন্তব্য করেননি।