পরিবেশ সুরক্ষায় বাংলাদেশ-হংকং সহযোগিতার উদ্যোগ

হংকং, ২৬ অক্টোবর ২০২৬: বর্জ্য ব্যবস্থাপনা, পানিদূষণ ও শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও হংকং আগ্রহ প্রকাশ করেছে।

সোমবার হংকং স্কাই সিটি মেরিয়ট হোটেলে বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং হংকংয়ের পরিবেশ ও প্রতিবেশবিষয়ক মন্ত্রী টিএসই চিন-ওয়ানের দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে শেখ ফরিদুল ইসলাম বলেন, বর্জ্য সংগ্রহ, পৃথকীকরণ, পুনর্ব্যবহার ও নিরাপদ নিষ্পত্তিতে সক্ষমতা বাড়াতে হংকংয়ের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত জ্ঞান বাংলাদেশের কাজে আসতে পারে। পানিদূষণ ও শব্দদূষণ নিয়ন্ত্রণেও কার্যকর ব্যবস্থাপনা, নিয়মিত পর্যবেক্ষণ এবং জনসচেতনতা বাড়ানোর ওপর তিনি গুরুত্ব দেন।

টিএসই চিন-ওয়ান বাংলাদেশের সঙ্গে পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নে সহযোগিতা সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন। তিনি হংকংয়ের ‘বেল্ট অ্যান্ড রোড সাসটেইনেবল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার’-এর মাধ্যমে প্রশিক্ষণ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতার প্রস্তাব দেন।

শেখ ফরিদুল ইসলাম এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, জলবায়ু পরিবর্তনসহ পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা, জ্ঞান বিনিময় ও দক্ষতা উন্নয়ন গুরুত্বপূর্ণ।

বৈঠকে হংকংয়ে বাংলাদেশের কনসাল জেনারেল ড. শাহ মোহাম্মদ তানভীর মনসুরসহ দুই পক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

2 × 1 =