ঢাকা, ৩ জুলাই ২০২৬: দীর্ঘ প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের পর্যটন ভিসা (ট্যুরিস্ট ভিসা) পুনরায় চালু হওয়ার পর বিপুল সংখ্যক আবেদন জমা পড়েছে। এ পরিস্থিতিতে ভিসা আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতা কামনা করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন।
শুক্রবার এক বার্তায় হাইকমিশন জানায়, বিভিন্ন উদ্দেশ্যে ভারত ভ্রমণে আগ্রহী বাংলাদেশিদের কাছ থেকে যে ব্যাপক সাড়া পাওয়া গেছে, তা অত্যন্ত উৎসাহব্যঞ্জক। ভিসা আবেদন নিষ্পত্তির পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে আবেদনকারীদের ধৈর্য ধারণের পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
হাইকমিশন আরও জানায়, ভিসা সেবা আরও সম্প্রসারণ এবং আবেদন প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও সুবিধাজনক করতে তারা কাজ করে যাচ্ছে। এ সময় আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতাও প্রকাশ করা হয়।
গত ২৮ জুন বাংলাদেশিদের জন্য ভারতের পর্যটন ভিসা সেবা পুনরায় চালু হয়। দীর্ঘ অপেক্ষার পর চালু হওয়া এই সেবায় ব্যাপক আগ্রহ দেখা যায়। ভিসা কার্যক্রম শুরুর মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই দেশের বিভিন্ন ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে এক লাখ ৪০ হাজারের বেশি আবেদন জমা পড়েছে।
তবে প্রায় ২৩ মাস পর ভিসা কার্যক্রম স্বাভাবিক হওয়ার পরপরই বিভিন্ন ভিসা কেন্দ্রে অতিরিক্ত ভিড়, সার্ভার জটিলতা এবং দালালচক্রের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগও সামনে এসেছে। এসব অভিযোগের মধ্যেই ভিসা কার্যক্রমকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করতে কাজ চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছে ভারতীয় হাইকমিশন।
হাইকমিশন জানিয়েছে, বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।