পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ২০০  আসনে এগিয়ে বিজেপি

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ২০২৬ সালের ফলাফলে বড় ধরনের রাজনৈতিক পালাবদলের ইঙ্গিত মিলছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, বিজেপি ২০০টির বেশি আসনে এগিয়ে থেকে সংখ্যাগরিষ্ঠতার পথে রয়েছে। টানা ১৫ বছর ক্ষমতায় থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস বড় ধরনের পরাজয়ের মুখে পড়তে যাচ্ছে।

সোমবার (৪ মে) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সরাসরি লড়াই হয়েছে বিজেপির। বিজেপির প্রধান মুখ ছিলেন বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী। যিনি একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। অন্যদিকে কংগ্রেস ও বামফ্রন্টও নির্বাচনে অংশ নেয়, যদিও মূল লড়াই সীমাবদ্ধ ছিল তৃণমূল ও বিজেপির মধ্যে।

এবারের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করে তৃণমূল থেকে বহিষ্কৃত এমএলএ হুমায়ুন কবিরের গঠিত নতুন দল। বাবরি মসজিদের নামে মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়ে আলোচনায় আসেন তিনি।

পশ্চিমবঙ্গ বিধানসভার মোট আসন ২৯৪টি, যার মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজন ১৪৮ আসনের সমর্থন। এবারের নির্বাচনে এক্সিট পোলগুলো স্পষ্ট কোনো পূর্বাভাস দিতে ব্যর্থ হয়েছিল।

২০২১ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস ২১৫টি আসন জিতে সরকার গঠন করেছিল, আর বিজেপি ৭৭টি আসন পেয়ে প্রথমবারের মতো প্রধান বিরোধী দলে পরিণত হয়। কংগ্রেস ও বামফ্রন্ট কোনো আসন পায়নি। সেই নির্বাচনে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে হেরে গেলেও পরে উপনির্বাচনে জিতে বিধানসভায় ফেরেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এবারের নির্বাচনে ভবানীপুর আসনটি বিশেষভাবে আলোচনায়। যেখানে সরাসরি রাজনৈতিক লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। এই আসনে ভোট গণনায় হাড্ডাহাড্ডি লড়াই চলছে এই দুইজনের মধ্যে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

two × five =