পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে বিক্ষোভে নিহত ৯

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে নিষিদ্ধ ঘোষিত একটি বিক্ষোভকারী গোষ্ঠীর সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর নতুন দফার সংঘর্ষে নয় জন নিহত ও আরও  বেশ কয়েকজন আহত হয়েছেন।বুধবার এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। খবর বাসস

অর্থনৈতিক ও প্রশাসনিক সংস্কারের দাবিতে আন্দোলনরত জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটির (জেএএসি) সমর্থকেরা সরকারি সতর্কতা অমান্য করে এ সপ্তাহে আঞ্চলিক রাজধানী মুজাফফরাবাদের দিকে পদযাত্রার ঘোষণা দেন। পাকিস্তানের মুজাফফরাবাদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বিক্ষোভের কেন্দ্রস্থল পুনছ জেলার শীর্ষ বেসামরিক কর্মকর্তা সরদার ওয়াহিদ এএফপিকে বলেন, ‘মঙ্গলবার ছড়িয়ে পড়া সহিংসতায় সাত জন বেসামরিক ব্যক্তি, এক আধাসামরিক বাহিনীর সদস্য ও এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘বিক্ষোভকারীরা রাজধানীর দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে কর্তৃপক্ষ তাদের পদযাত্রা থামিয়ে দেবে।’

গত জুনে স্থানীয় সরকার সন্ত্রাসবিরোধী আইনের আওতায় জেএএসিকে নিষিদ্ধ ঘোষণার পর এ অস্থিরতা শুরু হয়। এরপর বিক্ষোভকারী ও পুলিশের সংঘর্ষে ২২ জন নিহত হন। সরকারি তথ্যের ভিত্তিতে এএফপির হিসাব অনুযায়ী এ সংখ্যা নির্ধারণ করা হয়েছে। গোষ্ঠীটির সমর্থকেরা ‘সন্ত্রাসী’ তকমা প্রত্যাখ্যান করেছেন।

তারা একে ‘নিপীড়নের’ পদক্ষেপ বলে অভিহিত করেছেন এবং দাবি করেছেন, তাদের আন্দোলনের লক্ষ্য বৈধ অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার আদায়।

এক মাসের বেশি সময় ধরে অঞ্চলটির বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের অবস্থান কর্মসূচি চলছে। কর্তৃপক্ষ জেএএসির প্রধান কার্যালয় সিলগালা করেছে ও সংগঠনটির কয়েক শত সমর্থককে গ্রেফতার করেছে।

বিক্ষোভকারীরা সড়ক অবরোধ অব্যাহত রাখায় পুনছ জেলাজুড়ে অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। গণপরিবহনও বন্ধ রয়েছে। গত বছরের সেপ্টেম্বরেও হিমালয় অঞ্চলের এ এলাকায় কয়েক দিন ধরে বিক্ষোভ হয়েছিল। সে সময় সংঘর্ষে নয় জন নিহত হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

3 × three =