পার্বত্য চট্টগ্রামে শতভাগ বিদ্যুতায়নে তৃতীয় ধাপের সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তুতি

তাপসী রাবেয়া আঁখি, বাসস

রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির দুর্গম এলাকায় শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিত করতে তৃতীয় ধাপে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে সরকার। ২০২৬-২০৩১ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়নের প্রস্তাব প্রাথমিকভাবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পরিকল্পনায় অন্তর্ভুক্ত হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় জাতীয় গ্রিড সম্প্রসারণ ব্যয়বহুল ও কঠিন হওয়ায় অফ-গ্রিড সৌরবিদ্যুৎই সবচেয়ে কার্যকর সমাধান। প্রকল্পটি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় নাকি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় বাস্তবায়ন করবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান বাসসকে জানান, প্রস্তাবটি বর্তমানে সরকারি বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অননুমোদিত ‘সবুজ পাতা’ প্রকল্প তালিকায় রয়েছে। পরিকল্পনা কমিশনের অনুমোদন পেলে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়নের মাধ্যমে বাস্তবায়ন শুরু হবে।

সরকারের মূল্যায়নে দেখা গেছে, পার্বত্য চট্টগ্রামে সৌরবিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ধাপ সম্পন্ন হলেও অনেক দুর্গম এলাকায় এখনো বিদ্যুৎ পৌঁছেনি। তাই শিক্ষা, কৃষি ও আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করতে নতুন পর্যায়ের প্রকল্প গ্রহণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) মূল্যায়ন অনুযায়ী, পাহাড়ি অঞ্চলের ভৌগোলিক বাস্তবতায় অফ-গ্রিড সোলার ফটোভোল্টাইক ব্যবস্থা বিদ্যুৎ সরবরাহের সবচেয়ে বাস্তবসম্মত ও টেকসই সমাধান। আগের প্রকল্পগুলো স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

eight − two =