বাংলাদেশের হয়ে মিস ইউনিভার্সে যাচ্ছেন মাহি

মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সামিরা খান মাহি। ১১ নভেম্বর থেকে ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোতে বসবে মিস ইউনিভার্সের ৭৫তম আসর। ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে। এই সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিতে গতকাল পুয়ের্তো রিকোর উদ্দেশে দেশ ছাড়েন মাহি।

এর আগে গত শনিবার রাতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হিসেবে ঘোষণা করা হয় সামিরা খান মাহির নাম। গত কয়েক বছরের মতো এবারও মিস ইউনিভার্স বাংলাদেশ নির্ধারণ করা হয়েছে সিলেকশনের মাধ্যমে। মাহির মাথায় মুকুট পরিয়ে দেন গত বছর মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা তানজিয়া জামান মিথিলা।

বাস্তবজীবনেও মাহি ও মিথিলা দুজনের মধ্যে রয়েছে বন্ধুত্ব। মাহিকে মিস ইউনিভার্সের জন্য প্রস্তুত করার দায়িত্ব নিয়েছেন মিথিলা। নিজের অভিজ্ঞতা দিয়ে মাহিকে সামনের দিকে এগিয়ে নিতে চান মিথিলা। মাহিকে নিয়ে আশাবাদী তিনি।

মিস ইউনিভার্সে যাওয়ার আগে সামিরা খান মাহি বলেন, ‘আন্তর্জাতিক মঞ্চে আমি আমার দেশের সংস্কৃতি তুলে ধরতে যাচ্ছি। এটা অনেক বড় দায়িত্ব। নিজের সেরাটা দিয়ে চেষ্টা করব আমার দেশের পতাকাকে যতটুকু এগিয়ে নিয়ে যেতে পারি। সবার দোয়া ও সহযোগিতা চাই।’

নাটকের নিয়মিত অভিনেত্রী হয়েও মিস ইউনিভার্স বাংলাদেশ হওয়ায় সোশ্যাল মিডিয়ায় চলছে নানা আলোচনা-সমালোচনা। এই প্রসঙ্গে মাহি বলেন, ‘আমি সব সময় চেষ্টা করেছি সংস্কৃতি অঙ্গনে নিজের একটা জায়গা তৈরি করতে। এখন পর্যন্ত যতটুকু ভালোবাসা পেয়েছি, সেটা অনেক বড় প্রাপ্তি। কিন্তু এই প্ল্যাটফর্ম একেবারেই ভিন্ন বিষয়, আন্তর্জাতিক মঞ্চে নিজের দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ। প্রস্তাবটি যখন আমার কাছে আসে, তখন ভাবছিলাম এই প্রতিযোগিতায় আমার অংশ নেওয়াটা ঠিক হবে কি না। পরে মনে হলো, এটাই ঠিক। একজন অভিনেত্রী হয়ে, মডেল হয়েও যদি এমন একটা প্রতিযোগিতায় দেশকে প্রতিনিধিত্ব করতে না পারি, তাহলে তো শিল্পী হিসেবেই আমার কোনো মূল্য রইল না।’

শোবিজে মাহির পথচলা শুরু হয় মডেলিংয়ের মধ্য দিয়ে। ফ্যাশন শো, র‍্যাম্প, বিজ্ঞাপনচিত্রের পাশাপাশি কাজ করেছেন বিভিন্ন পণ্যের ফটোশুটে। টিভি নাটকের পরিচিত মুখ  পাঁচ বছরের বেশি সময় ধরে নিয়মিত অভিনয় করছেন নাটকে। ওটিটিতেও দেখা গেছে তার অভিনয়। এবার মাহির ক্যারিয়ারে যুক্ত হচ্ছে নতুন অধ্যায়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ten + 7 =