বিশ্বকাপের শেষ ষোলোতে মরক্কোর কাছে ৩-০ গোলে হেরে বিদায় নিয়েছে কানাডা। তবে বিদায়ের ক্ষণে হতাশার বদলে সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আবেগঘন বার্তা দিয়েছে কানাডা সকার। রয়টার্স
ম্যাচ শেষ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে কানাডা সকার লিখেছে, “প্রতিটি গল্পেরই একটি সমাপ্তি থাকে। কিন্তু আমাদের কাছে এই গল্পটি এখনই শেষ হয়ে গেছে বলে মনে হচ্ছে না।”

পোস্টে বলা হয়, গত কয়েক সপ্তাহে পুরো দেশ এই দলটির প্রেমে পড়েছে। লাল জার্সিতে রঙিন হয়েছে রাজপথ, ঘরের বসার কক্ষগুলো পরিণত হয়েছে সমর্থকদের গ্যালারিতে। যারা আগে নিজেদের পূর্বপুরুষের দেশের জার্সি গায়ে তোলার স্বপ্ন দেখত, তারা এখন কানাডার জার্সি পরার নতুন স্বপ্ন দেখতে শুরু করেছে।
প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে ওঠা কানাডা মনে করছে, এই আসর দেশটিতে ফুটবলের অবস্থান নিয়ে সব ধরনের সংশয় দূর করেছে।
বার্তায় আরও বলা হয়, “আমরা সবসময় বিশ্বাস করেছি কানাডা একটি ফুটবলপ্রেমী দেশ। এখন আমরা তা নিশ্চিতভাবে জানি।”
দলটি স্টেডিয়ামে উপস্থিত দর্শক, বিদেশ সফর করা সমর্থক এবং ঘরে বসে খেলা দেখা লাখো ভক্তের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানায়, ইতিহাস শুধু মাঠেই তৈরি হয়নি; দেশের ঘর, স্কুল, পার্ক, পাব এবং প্রতিটি সম্প্রদায়ের মধ্যেও নতুন ফুটবল সংস্কৃতির জন্ম হয়েছে।
বিশ্বকাপ যাত্রা শেষ হলেও ভবিষ্যৎ নিয়ে আশাবাদী কানাডা। পোস্টের শেষ লাইনে তারা লিখেছে, “আমাদের বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে। কিন্তু কানাডার ফুটবল যাত্রা কেবল শুরু। আবার দেখা হবে।”