বিশ্বকাপ ফাইনালে ১৭ মিনিটের বিরতি, শাকিরা-বিবারের শোতেও বদলাচ্ছে না ফুটবলের ছন্দ

ফিফা বিশ্বকাপের ফাইনালে প্রথমবারের মতো সুপার বোলের আদলে জমকালো হাফটাইম শো আয়োজন করা হলেও ম্যাচের সময়সূচিতে বড় কোনো পরিবর্তন আসছে না। শাকিরা, ম্যাডোনা ও জাস্টিন বিবারের মতো বিশ্বখ্যাত তারকারা মঞ্চ মাতালেও বিরতি বাড়ছে মাত্র দুই মিনিট।

রোববার মেটলাইফ স্টেডিয়ামে স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ফাইনালে প্রচলিত ১৫ মিনিটের পরিবর্তে হাফটাইম হবে মোট ১৭ মিনিট। এ বিষয়ে ইতোমধ্যে স্প্যানিশ ফুটবল ফেডারেশন এবং আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে ফিফা।

ফিফার পরিকল্পনা অনুযায়ী, ১৭ মিনিটের বিরতির মধ্যে প্রায় ১১ মিনিট থাকবে সংগীত পরিবেশনা। বাকি সময়ের মধ্যেই মঞ্চ স্থাপন, অনুষ্ঠান শেষে তা সরিয়ে ফেলা এবং মাঠকে পুনরায় খেলার উপযোগী করে তোলার কাজ সম্পন্ন করতে হবে আয়োজকদের।

হাফটাইম শোকে ঘিরে আগে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল যে, বিশ্বতারকাদের পরিবেশনার কারণে বিরতি ৩০ মিনিট বা তারও বেশি হতে পারে। এতে খেলোয়াড়দের ছন্দ নষ্ট হওয়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন অনেক সাবেক ফুটবলার ও বিশ্লেষক। তবে ফিফা সেই জল্পনার অবসান ঘটিয়ে জানিয়েছে, ম্যাচের সময়সূচি প্রায় অপরিবর্তিতই থাকছে।

অতিরিক্ত দুই মিনিটের একটি গুরুত্বপূর্ণ অংশ ব্যবহার করা হবে মাঠের মান উন্নয়নে। বিশ্বকাপ চলাকালে মেটলাইফ স্টেডিয়ামের ঘাস তুলনামূলক শুষ্ক থাকায় কয়েকটি দল বলের গতি ও পাসিংয়ে সমস্যা হওয়ার অভিযোগ তুলেছিল। ফাইনালের আগে স্পেনও বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছিল। এজন্য বিরতির সময় মাঠে পানি ছিটিয়ে ঘাসের আর্দ্রতা বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে ফিফা।

ফিফা মনে করছে, বিশ্বকাপ ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠের মান, বলের গতি এবং খেলার ছন্দ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তাই অতিরিক্ত সময় শুধু বিনোদনের জন্য নয়, মাঠের পরিচর্যাতেও ব্যয় করা হবে।

এদিকে যুক্তরাষ্ট্রের গ্রীষ্মকালীন তাপপ্রবাহের কারণে পুরো টুর্নামেন্টে চালু থাকা হাইড্রেশন ব্রেক ব্যবস্থাও ফাইনালে বহাল থাকবে। দুই অর্ধে একটি করে মোট দুটি বিরতিতে খেলোয়াড়রা পানি পান ও বিশ্রামের সুযোগ পাবেন।

সব মিলিয়ে এবারের বিশ্বকাপ ফাইনাল নতুন এক অভিজ্ঞতা উপহার দিতে যাচ্ছে। প্রথমবারের মতো হাফটাইমে থাকবে বিশ্বসংগীতের তারকাদের বর্ণাঢ্য পরিবেশনা, তবে সেই আয়োজনের মাঝেও ফুটবলের স্বাভাবিক ছন্দ ও ম্যাচ পরিচালনার সময়সূচিকে অক্ষুণ্ন রাখার বার্তাই দিয়েছে ফিফা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

5 × 2 =