রাফিনহাকে নিয়ে আশাবাদী আনচেলত্তি, হালান্ডকে থামানোর পরিকল্পনায় ব্রাজিল

রঙবেরঙ ডেস্ক – ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে সুখবর পেয়েছে ব্রাজিল। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন তারকা উইঙ্গার রাফিনহা। যদিও শুরু থেকে মাঠে নামার মতো পুরোপুরি ফিট নন, তবে বদলি হিসেবে খেলতে পারবেন বলে জানিয়েছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। রয়টার্স

শনিবার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, “রাফিনহা খুব ভালোভাবে সেরে উঠছে। সে এখনও শতভাগ ফিট নয়, তবে বেঞ্চে থাকবে এবং প্রয়োজন হলে কিছু সময় খেলতে পারবে। দলের জন্য সে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ফুটবলার।”

তবে ব্রাজিলের জন্য বড় দুশ্চিন্তা মিডফিল্ডার লুকাস পাকেতার অনুপস্থিতি। জাপানের বিপক্ষে শেষ ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় তিনি নরওয়ের বিপক্ষে খেলতে পারবেন না। আনচেলত্তি জানান, পাকেতার বিকল্প হিসেবে দলের কৌশল অনুযায়ী ডানিলো, গ্যাব্রিয়েল, মাতেউস কুনিয়া বা এদেরসনের মধ্য থেকে কাউকে বেছে নেওয়া হবে।

অন্যদিকে নরওয়ের সবচেয়ে বড় অস্ত্র আর্লিং হালান্ডকে নিয়েও সতর্ক ব্রাজিল। আনচেলত্তি বলেন, হালান্ডকে আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নেই। তার গতি, শক্তি ও গোল করার ক্ষমতা সম্পর্কে সবাই জানে। তাই তাকে থামানোর পরিকল্পনা নিয়েই মাঠে নামবে সেলেসাওরা।

ব্রাজিলের মিডফিল্ডার ব্রুনো গিমারায়েস বলেন, “হালান্ডের কাছে বল পৌঁছাতে না দেওয়াই হবে আমাদের প্রধান লক্ষ্য। কারণ সে একটিমাত্র সুযোগ থেকেও ম্যাচের ফল বদলে দিতে পারে।”

নকআউট পর্বের এই ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী হলেও সতর্ক আনচেলত্তি বলেন, “নকআউট ম্যাচে চাপ থাকেই। তবে আমরা উদ্বিগ্ন নই, বরং আত্মবিশ্বাসী। আশা করি আগের ম্যাচগুলোর মতো এবারও দল আরও ভালো খেলবে।”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

four × 2 =