লিটনের রেকর্ডের দিনে জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ

সালেক সুফী

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে চতুর্থ দিন শেষে জয়ের সুবাতাস পাচ্ছে বাংলাদেশ। লিটন কুমার দাসের দুর্দান্ত শতরান এবং রেকর্ড গড়ার দিনে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছে টাইগাররা। জিততে হলে শেষ দিনে আফগানিস্তানকে আরও ৩৪৭ রান করতে হবে, হাতে রয়েছে মাত্র সাত উইকেট।

বাংলাদেশের প্রথম ইনিংসের ৩৪৬ রানের জবাবে আফগানিস্তান অলআউট হয় ২৪০ রানে। এরপর দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৩৭২ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ফলে আফগানিস্তানের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৪৭৯ রান। চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ ৩ উইকেটে ১৩২ রান।

দিনের শুরুতে ৬ উইকেটে ২২৩ রান নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ। উইকেটে ছিলেন লিটন ও মেহেদী হাসান মিরাজ। সপ্তম উইকেটে দুজনের ১৪৯ রানের জুটি বাংলাদেশের লিডকে নিয়ে যায় ৪৭৮ রানে। লিটন ১১৭ বলে ১০২ রান করেন, আর মিরাজ ৯৭ বলে ৫২ রানে অপরাজিত থাকেন। লিটনের ইনিংসটি ছিল আক্রমণাত্মক ও আত্মবিশ্বাসী। তবে দুজনই একাধিকবার আফগান ফিল্ডারদের হাতে জীবন পেয়েছেন।

শতরান করে লিটন আউট হওয়ার পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের দ্বিতীয় ইনিংস ঘোষণা করেন। শান্ত নিজে করেন ৮২ রান, আর মুশফিকুর রহিমের ব্যাট থেকে আসে ৮১ রান।

চতুর্থ দিনটি বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে লিটনের জন্য। প্রথম ইনিংসে ৫৩ রান করার পাশাপাশি উইকেটের পেছনে পাঁচটি ক্যাচ নিয়েছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে শতরানের পর আফগানিস্তানের দ্বিতীয় ইনিংসে আরও তিনটি ক্যাচ ধরে এক টেস্টে মোট আটটি ক্যাচ নেওয়ার কৃতিত্ব অর্জন করেন লিটন। এর মাধ্যমে তিনি বাংলাদেশের সাবেক উইকেটকিপার খালেদ মাসুদ পাইলটের এক টেস্টে সাত ক্যাচের রেকর্ড ছাড়িয়ে যান। শেষ দিনে আরও ক্যাচ নিতে পারলে এক টেস্টে ১০ ক্যাচ ও শতরানের বিরল কীর্তি গড়ার সুযোগ রয়েছে তাঁর।

আফগানিস্তানের প্রথম ইনিংসে রহমত শাহ অপরাজিত ১০৫ এবং আব্দুল মালিক ৬২ রান করেন। বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ পাঁচটি ও এবাদত হোসেন চারটি উইকেট নেন। দ্বিতীয় ইনিংসেও নতুন বলে কার্যকর বোলিং করেছেন এবাদত ও হাসান।

শেষ দিনে আফগানিস্তানের প্রতিরোধের মূল ভরসা অপরাজিত সাদিকুল্লাহ আতাল (৩৫) এবং অভিজ্ঞ ব্যাটসম্যান হাসমাতুল্লাহ শাহিদী। তবে বাংলাদেশের পেস আক্রমণে এবাদত ও হাসানের সঙ্গে মিরাজ, তাইজুল ইসলাম ও নাঈম হাসানের স্পিন সামলানো আফগান ব্যাটসম্যানদের জন্য কঠিন চ্যালেঞ্জ হবে।

টেস্ট জয়ের পথে বাংলাদেশ এগিয়ে থাকলেও ক্রিকেটে শেষ কথা বলে কিছু নেই। সকালে দ্রুত উইকেট তুলে নিতে পারলে জয় নিশ্চিত করার পথ অনেকটাই সহজ হবে। অন্যদিকে, আফগানিস্তান দীর্ঘ সময় ব্যাটিং করে ম্যাচ বাঁচানোর চেষ্টা করবে। শেষ দিনের লড়াইয়ে তাই বাংলাদেশের বোলারদের শুরুটা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

চতুর্থ দিন শেষে সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ, প্রথম ইনিংস: ৩৪৬ অলআউট

তানজিদ হাসান তামিম ৮৩, সাদমান ইসলাম ৬৭, লিটন দাস ৫৩, মোমিনুল হক ৩৯, নাঈম হাসান ৩৫।

ইসমাত আলম ২/২০, ইয়ামিন আহমেদজাই ৩/৭৯, মোহাম্মদ সেলিম ৪/৮২।

আফগানিস্তান, প্রথম ইনিংস: ২৪০ অলআউট

রহমত শাহ ১০৫*, আব্দুল মালিক ৬২, ইকরাম আলিখিল ৩২।

হাসান মাহমুদ ৫/৫৫, এবাদত হোসেন ৪/৫৬, মেহেদী হাসান মিরাজ ১/৪১।

 

 

 

বাংলাদেশ, দ্বিতীয় ইনিংস: ৩৭২/৭, ইনিংস ঘোষণা

লিটন দাস ১০২, নাজমুল হোসেন শান্ত ৮২, মুশফিকুর রহিম ৮১, মেহেদী হাসান মিরাজ ৫২*।

মোহাম্মদ সেলিম ২/৬২, ইয়ামিন আহমেদজাই ২/৯৬, জিয়াউর রহমান ২/৮০।

আফগানিস্তান, দ্বিতীয় ইনিংস: ১৩২/

রহমত শাহ ৫১, সাদিকুল্লাহ আতাল ৩৫*।

এবাদত হোসেন ২/৩২, হাসান মাহমুদ ১/৩১।

জয়ের জন্য আফগানিস্তানের প্রয়োজন আরও ৩৪৭ রান; হাতে সাত উইকেট।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

fifteen + 11 =