শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ, পরীক্ষা পুনর্নির্ধারণেরও দাবি

শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং এইচএসসি পরীক্ষা পুনর্নির্ধারণসহ তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্সল্যাব মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৫টার পর শত শত শিক্ষার্থী সায়েন্সল্যাব এলাকা থেকে মিছিল নিয়ে সংসদ ভবনের দিকে অগ্রসর হন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে দাবি বাস্তবায়নের আহ্বান জানান এবং দ্রুত সরকারের পদক্ষেপ কামনা করেন।

আন্দোলনকারী শিক্ষার্থীদের ঘোষিত তিন দফা দাবির মধ্যে রয়েছে—সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং শিক্ষার্থীদের নিয়ে দেওয়া ‘অসংগতিপূর্ণ’ বক্তব্যের জন্য জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়া।

এ ছাড়া, ১৩ জুলাই প্রতিকূল ও অস্বস্তিকর পরিবেশে যারা এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন এবং যারা অংশ নিতে পারেননি, তাদের সবার জন্য ওই দিনের পরীক্ষা পুনরায় আয়োজনের দাবি জানানো হয়।

শিক্ষার্থীরা ১৫ জুলাই নির্ধারিত পরীক্ষাও স্থগিত করে নতুন পরীক্ষার রুটিন প্রকাশ এবং প্রশ্নপত্রকে শিক্ষার্থীবান্ধব করার দাবি পুনর্ব্যক্ত করেন।

তাদের অভিযোগ, দেশের বিভিন্ন এলাকায় বন্যা ও দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যে পরীক্ষা নেওয়ায় অনেক শিক্ষার্থী চরম ভোগান্তির শিকার হয়েছেন। এসব বাস্তবতা বিবেচনায় নিয়ে শিক্ষা কর্তৃপক্ষকে নতুন সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান তারা।

দাবি পূরণ না হলে আন্দোলন আরও বিস্তৃত ও কঠোর কর্মসূচির মাধ্যমে চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

এদিকে, শিক্ষামন্ত্রীকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ‘ফার্মের মুরগি’ মন্তব্য নিয়ে ব্যাখ্যা দিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় তিনি দাবি করেন, শিক্ষামন্ত্রী পরীক্ষার্থীদের উদ্দেশ্যে নয়, নিজের মেয়েকে উদাহরণ দিয়েই ওই মন্তব্য করেছিলেন।

নাছির উদ্দিন নাছির বন্যা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা সাময়িক স্থগিতের দাবির প্রতি সমর্থন জানিয়ে বলেন, চট্টগ্রাম বোর্ডের মতো ক্ষতিগ্রস্ত অন্যান্য অঞ্চলের পরীক্ষার্থীদের বিষয়েও সরকারকে সমানভাবে বিবেচনা করা উচিত।

এর আগে রাজধানীর একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীর সঙ্গে শিক্ষামন্ত্রীর ফোনালাপের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে ‘ফার্মের মুরগি’ প্রসঙ্গকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হলে শিক্ষামন্ত্রী পরে দাবি করেন, মন্তব্যটি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে নয়; বরং নিজের মেয়ের প্রসঙ্গেই করা হয়েছিল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

thirteen − 1 =