শেষ বাঁশির আগে মার্তিনেল্লির জাদু, জাপানকে হারিয়ে এগোল ব্রাজিল

সালেক সুফী

ব্রাজিল ২ : ১ জাপান

এশিয়ার অন্যতম শক্তিশালী দল জাপানের বিপক্ষে সহজ জয় পায়নি ব্রাজিল। শৃঙ্খলাবদ্ধ রক্ষণ, দ্রুত পাল্টা আক্রমণ এবং দারুণ লড়াকু মানসিকতায় দীর্ঘ সময় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের চাপে রেখেছিল সামুরাই ব্লুরা। তবে শেষ পর্যন্ত অভিজ্ঞতা ও ধারাবাহিক আক্রমণের শক্তিতেই ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে সেলেসাওরা।

প্রথমার্ধে কাইশু সানোর আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম গোলেই এগিয়ে যায় জাপান। বলের দখল ব্রাজিলের কাছে থাকলেও আক্রমণে ছিল না প্রয়োজনীয় ধার। অন্যদিকে জাপান সংগঠিত রক্ষণ এবং দ্রুত কাউন্টার অ্যাটাকে ব্রাজিলকে ব্যস্ত রাখে।

বিরতির পর সম্পূর্ণ ভিন্ন এক ব্রাজিলকে দেখা যায়। আক্রমণের গতি বাড়িয়ে একের পর এক সুযোগ সৃষ্টি করতে থাকে কার্লো আনচেলত্তির দল। ৫২তম মিনিটে ব্রুনো গিমারাইসের হেড অসাধারণ দক্ষতায় রুখে দেন জাপানের গোলরক্ষক সুজুকি। পরের মুহূর্তেই গোললাইন থেকে বল ক্লিয়ার করে নিশ্চিত গোল বাঁচান জাপানের এক ডিফেন্ডার।

অবশেষে ৫৬তম মিনিটে গ্যাব্রিয়েল মাগালাইয়েসের নিখুঁত ক্রস থেকে কাসেমিরো দুর্দান্ত এক হেডে সমতা ফেরান। গোলের পর ব্রাজিল নিজেদের স্বাভাবিক ছন্দ ফিরে পায় এবং জাপানের রক্ষণে ক্রমাগত চাপ সৃষ্টি করতে থাকে। ভিনিসিয়ুস জুনিয়রের একাধিক আক্রমণও দক্ষতার সঙ্গে প্রতিহত করেন সুজুকি।

ম্যাচ যখন অতিরিক্ত সময়ে গড়ানোর অপেক্ষায়, ঠিক তখনই যোগ করা সময়ের শেষদিকে বদলি খেলোয়াড় গ্যাব্রিয়েল মার্তিনেল্লির কোনাকুনি শট পোস্টে লেগে জালে জড়িয়ে যায়। শেষ মুহূর্তের এই গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে ব্রাজিল।

ম্যাচের পরিসংখ্যানও ব্রাজিলের আধিপত্যেরই প্রমাণ দেয়। বলের দখল, গোলমুখে শট ও কর্নার—সব ক্ষেত্রেই এগিয়ে ছিল দক্ষিণ আমেরিকার দলটি। জাপান অসাধারণ লড়াই করলেও শেষ পর্যন্ত অভিজ্ঞ প্রতিপক্ষের চাপ সামলাতে পারেনি।

উল্লেখযোগ্য বিষয় হলো, ব্রাজিলের তারকা নেইমার পুরো ম্যাচে ডাগআউটেই ছিলেন। তাকে ছাড়াই দলটি কঠিন পরীক্ষা উতরে গেছে। সাধারণত বড় দলগুলো টুর্নামেন্ট যত গভীরে যায়, ততই নিজেদের সেরাটা তুলে ধরে। দ্বিতীয়ার্ধে ব্রাজিলের আগ্রাসী ও গতিময় ফুটবল সেই বার্তাই দিল।

অন্যদিকে, জাপানের জন্য এটি আরেকটি হৃদয়ভাঙা বিদায়। দুর্দান্ত লড়াই করেও নকআউটের প্রথম ধাপেই থেমে গেল এশিয়ার প্রতিনিধিদের বিশ্বকাপ অভিযান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

fifteen + 7 =