সন্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন রানি মুখার্জি

অভিনেত্রী রানি মুখোপাধ্যায়কে অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় সন্মানসূচক ডক্টরেট প্রদান করেছে। মেলবোর্নে আয়োজিত ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্নের বিশেষ অনুষ্ঠানে তার হাতে এই সম্মানের শংসাপত্র তুলে দেওয়া হয়।

বলিউডে তিন দশকেরও বেশি সময় ধরে নিজের অভিনয়ের ছাপ রেখেছেন রানি মুখোপাধ্যায়। এবার তার দীর্ঘ কর্মজীবনের মুকুটে যুক্ত হল আরও একটি বড় সম্মান।

শুধু অভিনয়ের জন্য নয়, সমাজের বিভিন্ন ক্ষেত্রে রানির ভূমিকার কথাও বিবেচনায় রাখা হয়েছে এই সম্মান দেওয়ার সময়। শিক্ষা, নারীর ক্ষমতায়ন, শিশুদের কল্যাণ এবং সামাজিক দায়িত্বের মতো বিষয়গুলিতে তাঁর অবদানকে বিশেষভাবে স্বীকৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয়।

সম্মান পাওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে রানি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তার বক্তব্যে উঠে আসে ভারতীয় সিনেমার প্রতি ভালোবাসার কথাও। তিনি মনে করেন, এই সম্মান শুধু একজন অভিনেত্রীর ব্যক্তিগত অর্জন নয়, ভারতীয় চলচ্চিত্রের প্রভাবকেও আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি দেওয়ার একটি মুহূর্ত।

রানি জানান, কিশোরী বয়সে যখন তিনি অভিনয়জগতে পা রাখেন, তখন তার সামনে কোনও নির্দিষ্ট পথনকশা ছিল না। নিজের কাজকে যতটা সম্ভব ভালো করার চেষ্টা করেই এগিয়ে গিয়েছেন তিনি। ইতিহাস তৈরি করার কোনও লক্ষ্য তার ছিল না বলেও জানান অভিনেত্রী।

চলচ্চিত্রের গুরুত্ব বোঝাতে গিয়ে রানি বলেন, সিনেমা এমন একটি ভাষা, যার মাধ্যমে মানুষকে বোঝা এবং তাদের কাছে পৌঁছনো সম্ভব। তার অভিনীত নারী-কেন্দ্রিক চরিত্রগুলির প্রসঙ্গও উঠে আসে তার বক্তব্যে। বিভিন্ন দেশ ও সংস্কৃতির মানুষের কাছে সেই গল্পগুলি পৌঁছে তাঁদের সঙ্গে সংযোগ তৈরি করবে, তা একসময় তিনি কল্পনাও করেননি।

‘ব্ল্যাক’, ‘হিচকি’, ‘মর্দানি’ থেকে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’—বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন রানি। এবার আন্তর্জাতিক মঞ্চে সাম্মানিক ডক্টরেট তাঁর সেই দীর্ঘ যাত্রায় যোগ করল নতুন এক মর্যাদার অধ্যায়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

seventeen − 11 =