সরকারের অগ্রাধিকার অনুযায়ী চলমান প্রকল্প পুনর্বিন্যাস করা হবে: পরিবেশমন্ত্রী

ঢাকা, ২০ জুলাই: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, চলমান উন্নয়ন প্রকল্পগুলো সরকারের নির্বাচনী ইশতেহার ও অগ্রাধিকার কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় পরিমার্জন করা হবে। একই সঙ্গে নতুন প্রকল্প এমনভাবে গ্রহণ করা হবে, যাতে বর্তমান সরকারের মেয়াদকালেই সেগুলোর সুফল জনগণের কাছে দৃশ্যমান হয়।

সোমবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-তে অন্তর্ভুক্ত চলমান এবং অনুমোদনের অপেক্ষায় থাকা নতুন প্রকল্প পর্যালোচনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জনগণের প্রত্যাশা ও সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নকে সামনে রেখে উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হবে। প্রকল্প পরিকল্পনা ও বাস্তবায়নে কার্যকারিতা, সময়োপযোগিতা এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী নিয়মিতভাবে বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যবেক্ষণ করছেন। জনগণ যাতে উন্নয়ন প্রকল্পের সর্বোচ্চ সুফল পায়, সে বিষয়টি বিবেচনায় রেখে নতুন প্রকল্প গ্রহণের পরামর্শ দিয়েছেন তিনি।

পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সব মন্ত্রণালয়ের চলমান ও প্রস্তাবিত প্রকল্প পর্যালোচনা করা হচ্ছে। তিনি বলেন, বর্তমান বছরেই অধিক সংখ্যক নতুন প্রকল্প গ্রহণের সুযোগ রয়েছে, যাতে সেগুলোর বাস্তবায়ন বর্তমান সরকারের মেয়াদের মধ্যেই সম্পন্ন করা সম্ভব হয়।

সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ, পরিকল্পনা কমিশনের সংশ্লিষ্ট সদস্য (সচিব), সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান এবং প্রকল্প পরিচালকেরা উপস্থিত ছিলেন।

সভায় ২০২৬-২৭ অর্থবছরের এডিপিভুক্ত চলমান ও নতুন উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি, বাস্তবায়ন কৌশল এবং সরকারের উন্নয়ন লক্ষ্যের সঙ্গে সেগুলোর সামঞ্জস্য নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

14 + thirteen =