সুপ্রিম কোর্ট বারে বিএনপি সমর্থিত প্যানেলের বিজয়

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) ২০২৬-২৭ মেয়াদের নির্বাচনে কার্যনির্বাহী কমিটির ১৪টি পদের মধ্যে সভাপতি ও সম্পাদকসহ ১৩টি পদে জয় পেয়েছে বিএনপি সমর্থিত নীল প্যানেলের প্রার্থীরা। খবর বাসস

দুই দিন ভোটগ্রহণ শেষে ডিজিটাল পদ্ধতিতে ভোট গণনা করা হয়। পরে বৃহস্পতিবার রাত ২টার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়ক অবসরপ্রাপ্ত বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী।

এ নির্বাচনে বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে সভাপতি পদে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন (এমপি) নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদে মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান, সম্পাদক পদে মোহাম্মদ আলী, কোষাধ্যক্ষ পদে মো. জিয়াউর রহমান এবং সহ-সম্পাদক পদে মাকসুদ উল্লাহ ও মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল বিজয়ী হয়েছেন।

নীল প্যানেল থেকে সদস্য পদে নির্বাচিতরা হলেন- এইচ এম সানজিদ সিদ্দিকী, এ কে এম আজাদ হোসেন, ওয়াহিদ আফরোজ চৌধুরী, মো. কবির হোসেন, মো. জিয়া উদ্দিন মিয়া ও মো. টিপু সুলতান।

অন্যদিকে, সদস্য পদের একটি আসনে জয় পেয়েছেন জামায়াতে ইসলামী সমর্থিত সবুজ প্যানেলের প্রার্থী আজিম উদ্দিন পাটোয়ারী।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বুধ ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত বিরতি ছিল।

নির্বাচনের প্রথম দিনে ১ হাজার ৭৭১টি এবং দ্বিতীয় দিনে ২ হাজার ২৭৭টি ভোট পড়ে। সব মিলিয়ে মোট ভোট পড়েছে ৪ হাজার ৪৮টি।

সভাপতি ও সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির ১৪টি পদের বিপরীতে মোট ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

five × three =