স্পেনের বিপক্ষে অঘটনের স্বপ্ন বেলজিয়ামের, ‘আন্ডারডগ’ হয়েও আত্মবিশ্বাসী গাহসিয়ার দল

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হওয়ার আগে নিজেদের ‘আন্ডারডগ’ হিসেবে স্বীকার করলেও জয় ছিনিয়ে আনার ব্যাপারে আত্মবিশ্বাসী বেলজিয়াম। দলটির প্রধান কোচ রুদি গাহসিয়া বলেছেন, শক্তিশালী স্পেনকে কঠিন পরীক্ষায় ফেলার মতো সামর্থ্য তার দলের রয়েছে।

বাংলাদেশ সময় শনিবার রাত ১টায় সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে স্পেন ও বেলজিয়াম।

বিশ্বকাপে অন্যতম শিরোপাপ্রত্যাশী হিসেবে যাত্রা শুরু করলেও স্পেনের শুরুটা ছিল কিছুটা নড়বড়ে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে নবাগত কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র করলেও পরে ধীরে ধীরে ছন্দে ফিরে আসে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা। শেষ ষোলোতে পর্তুগালকে হারিয়ে দীর্ঘদিন পর আবারও কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে স্প্যানিশরা।

অন্যদিকে বেলজিয়ামের গ্রুপ পর্বও খুব স্বস্তিদায়ক ছিল না। একটি জয় ও দুটি ড্র নিয়ে তারা গ্রুপসেরা হয়ে নকআউটে ওঠে। এরপর শেষ ৩২-এ সেনেগালের বিপক্ষে দুর্দান্ত প্রত্যাবর্তনের পর শেষ ষোলোতে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে শেষ আট নিশ্চিত করে তারা।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে গাহসিয়া বলেন, স্পেন বল দখলে বিশ্বের অন্যতম সেরা দল এবং দীর্ঘদিন ধরে একই সফল ফুটবল দর্শন অনুসরণ করছে। তবে বেলজিয়ামেরও শক্তিশালী আক্রমণভাগ রয়েছে এবং তারা যে কোনো প্রতিপক্ষকে হারানোর সামর্থ্য রাখে।

তিনি বলেন, “আমরা জানি, টুর্নামেন্টের অন্যতম ফেবারিটের বিপক্ষে খেলতে যাচ্ছি। কিন্তু আমাদের দলও দুর্দান্ত ছন্দে রয়েছে। এবারের বিশ্বকাপে আমরা দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। আমরা বিশ্বাস করি, স্পেনকে হারানোর সামর্থ্য আমাদের আছে।”

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ১৩ গোল করেছে বেলজিয়াম। গোলসংখ্যায় তাদের ওপরে রয়েছে কেবল আর্জেন্টিনা (১৪) ও ফ্রান্স (১৬)। তবে রক্ষণে স্পেন অনেক বেশি দৃঢ়। পাঁচ ম্যাচে ৯ গোল করলেও এখনও কোনো গোল হজম করেনি লা রোজারা।

বেলজিয়ামের অভিজ্ঞ স্ট্রাইকার রোমেলু লুকাকু মনে করেন, স্পেনকে হারাতে হলে নিখুঁত ফুটবল খেলতে হবে। তিনি বলেন, “এতদূর এসে শুধু বিদায় নেওয়ার জন্য খেলব না। স্পেন অসাধারণ দল, তবে তাদের জন্য কঠিন পরিস্থিতি তৈরি করার মতো সামর্থ্য আমাদের আছে।”

কোচ গাহসিয়া আরও বলেন, যুক্তরাষ্ট্রের বিপক্ষে স্বাগতিক সমর্থকদের চাপ সামলে জয় পাওয়ার অভিজ্ঞতা তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। লস অ্যাঞ্জেলসেও দর্শক সমর্থন স্পেনের দিকেই থাকতে পারে, তবে সেটিকে বড় বিষয় হিসেবে দেখছেন না তিনি।

তার ভাষায়, “দর্শকরা গোল করে না। আমাদের মনোযোগ থাকবে নিজেদের খেলায়। আমরা আন্ডারডগ হতে পারি, কিন্তু স্পেনকে কঠিন পরীক্ষায় ফেলতে সর্বোচ্চ চেষ্টা করব।”

দুই ইউরোপীয় শক্তির এই লড়াইয়ের বিজয়ী দল সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

twenty − eleven =