ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি ও হরমুজ প্রণালি খুলে দেxয়ার চুক্তি নিয়ে এগোবেন কিনা, তা নিয়ে শুক্রবার (২৯ মে) হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি তিনি। অন্যদিকে ইরানও জানিয়েছে, চুক্তিটি এখনও চূড়ান্ত রূপ পায়নি। খবর এপির।
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর এবারই প্রথম শান্তির পথে হাঁটছে ওয়াশিংটন ও তেহরান। যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বৃদ্ধি এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় সচল করার বিষয়ে একটি খসড়া চুক্তি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে উভয় পক্ষ। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই অগ্রগতিকে ‘খুব কাছাকাছি’ বলে অভিহিত করেন।
চুক্তির বিষয়ে ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ নিতে শুক্রবার হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে বসেন ট্রাম্প।
ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি বলেন, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো অর্থ লেনদেন হবে না। কম গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়ে ইতোমধ্যে সমঝোতা হয়েছে।’ তিনি পোস্টে লেখেন, ‘আমি এখন সিচুয়েশন রুমে বৈঠকে যাচ্ছি, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য।’
তবে প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে প্রায় দুই ঘণ্টার বৈঠকটি কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে।
এদিকে তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের কোনো ‘হুমকির ভাষা’ বা মৌখিক আশ্বাসে বিশ্বাসী নয়, বরং ওয়াশিংটনের বাস্তব পদক্ষেপ দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ট্রাম্পের শর্তগুলোকে একতরফা দাবি বলে প্রত্যাখ্যান করেছেন।