ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম আলোচিত চলচ্চিত্র ‘লগান’-এর মুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে পুনর্মিলিত হয়েছেন ছবিটির দুই তারকা আমির খান ও র্যাচেল শেলি। দীর্ঘদিন পর তাদের একসঙ্গে দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন ভক্তরা, আর সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে ছড়িয়ে পড়ে নস্টালজিয়ার আবহ। হিন্দুস্তান টাইমস/ইন্ডিয়া ডটকম
২০০১ সালে মুক্তিপ্রাপ্ত এই কালজয়ী ছবিতে ব্রিটিশ নারী এলিজাবেথ রাসেল চরিত্রে অভিনয় করেছিলেন র্যাচেল শেলি। উৎসবের লাল গালিচায় আমির খানের সঙ্গে তোলা কয়েকটি ছবি তিনি নিজের ইনস্টাগ্রামে প্রকাশ করেন। ছবিতে দেখা যায়, আমির নীল টি-শার্ট ও জিন্সে স্বাভাবিক সাজে উপস্থিত ছিলেন, আর সাদা পোশাকে রুচিশীল উপস্থিতি ছিল র্যাচেলের।
ছবিগুলোর সঙ্গে র্যাচেল লিখেছেন, “#Lagaan25Years। অসাধারণ এক উদযাপনের জন্য আমির খান প্রোডাকশনসকে ধন্যবাদ। লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের এই আয়োজন সত্যিই স্মরণীয়।”

এই পুনর্মিলনের ছবি প্রকাশের পর ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। অনেকেই ‘লগান’-কে শৈশবের স্মৃতির অংশ হিসেবে উল্লেখ করেন। কেউ আবার ভবিষ্যতে আমির ও র্যাচেলকে নতুন কোনো ভারতীয় চলচ্চিত্রে একসঙ্গে দেখার আশা প্রকাশ করেন। সামাজিক মাধ্যমে অনেকে ছবির বিখ্যাত চরিত্রগুলোর প্রসঙ্গ টেনে রসিক মন্তব্যও করেন।
চলতি বছরের শুরুতে ভারতে ‘লগান’ পুনরায় মুক্তি পেলে একটি ভিডিও বার্তায় র্যাচেল শেলি ছবিটির প্রতি দর্শকদের ভালোবাসার কথা স্মরণ করেন। তিনি বলেন, কখনও মনে হয় ছবিটি যেন গতকালই নির্মিত হয়েছে, আবার কখনও মনে হয় বহু যুগ আগের ঘটনা। তাঁর ভাষায়, “আমরা নির্মাতারা চলচ্চিত্রটি তৈরি করেছি, কিন্তু দর্শকদের ভালোবাসাই একে পূর্ণতা দিয়েছে। ‘লগান’ আজও আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ।”
পরিচালক আশুতোষ গোয়ারিকর নির্মিত এবং আমির খান প্রযোজিত ‘লগান’ ভারতীয় সিনেমার অন্যতম সেরা চলচ্চিত্র হিসেবে বিবেচিত। ক্রিকেটকে কেন্দ্র করে ঔপনিবেশিক ভারতের প্রেক্ষাপটে নির্মিত এই ছবি আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক প্রশংসা কুড়ায় এবং অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার)-এ সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে মনোনয়ন লাভ করে।