সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করছে না। তিনি দেশের স্বার্থে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা এবং অতীতের লুটপাটের প্রকৃত চিত্র সংবাদমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান।

মন্ত্রী বলেন, বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতে যে ভয়াবহ লুটপাট ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তার প্রকৃত চিত্র এখনও আমরা জাতিকে পুরোপুরি বোঝাতে পারিনি।

সোমবার দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন এডিটরস ফোরামের সাথে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব বলেন।

এসময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।

বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতে লুটপাটের চিত্র তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে খারাপ সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের দায়িত্ব নিয়েছেন।

১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তান অর্থনৈতিকভাবে দেশের যে ক্ষতি করেছে, গত ১৭ বছরে আওয়ামী লীগ তার চেয়ে বেশি ক্ষতি করেছে। ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে বিদেশে পাচার করা হয়েছে, যার ফলে আজ সাধারণ গ্রাহকরা ব্যাংকে টাকা পাচ্ছেন না।

গণমাধ্যমের স্বাধীনতা ও অনিবন্ধিত অনলাইন পোর্টাল প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বিকৃত সংবাদ এবং উদ্দেশ্যপ্রণোদিত অপতথ্যকে আইনের আওতায় আনতে সাইবার সিকিউরিটি আইনটি রাখার চেষ্টা করা হচ্ছে। গত দুই বছরে ফেসবুকে গালিগালাজের যে অপসংস্কৃতি তৈরি হয়েছে, তা রোধ করা হবে। পাশাপাশি অনিবন্ধিত অনলাইন পোর্টাল থেকে শুরু করে যারা ফেক নিউজ করছে তাদের কিভাবে থামানো যায়— সে বিষয়ে সরকার কাজ করছে।

নিবন্ধিত গণমাধ্যমগুলোর স্থায়ী মর্যাদা, বিজ্ঞাপন প্রাপ্তি এবং নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ ও ইউজার ফ্রেন্ডলি করা হবে বলেও জানান তিনি।

গ্রহণযোগ্যতা গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ উল্লেখ করে  আন্দালিভ রহমান বলেন, তিন বছর আগে একটি স্ট্যাটাস লেখার আগে সাংবাদিকদের যেভাবে আতঙ্কে থাকতে হতো, বর্তমান সরকার সেই পরিস্থিতি রাখেনি। সরকার সংবাদমাধ্যমে কোনো ধরনের হস্তক্ষেপই করছে না।

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাম্প্রতিক রাজনৈতিক তৎপরতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, তাদের এই কার্যক্রম দেউলিয়াত্ব ছাড়া আর কিছুই নয়। গোপালগঞ্জ ছাড়া সারা বাংলাদেশে তাদের কোনো রাজনৈতিক অস্তিত্ব নেই। রাজনৈতিকভাবে আওয়ামী লীগের ফিরে আসার কোনো সাংগঠনিক তৎপরতা আমরা দেখি না।

তিনি বলেন, এসব কর্মকাণ্ড করে তারা খুব একটা ফায়দা পাবে বলে আমার মনে হয় না। জুলাই গণঅভ্যুত্থানকে অস্বীকার করে তাদের রাজনীতি করার কোনো সুযোগ নেই।

মন্ত্রী বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী একজন মালিকের একাধিক গণমাধ্যমের মালিকানা না রাখার বিষয়ে আলোচনা চলছে। বিগত সময়ে যারা সীমা লঙ্ঘন করে গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছিলেন, তাদের বিচার সমাজের ওপর ছেড়ে দেওয়া

এ সময় অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক শরিফুজ্জামান পিন্টু ও সদস্য সচিব ইফতেখার মাহমুদসহ ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

6 + 19 =