সড়ক পরিবহন ও সেতু, নৌ-পরিবহন এবং রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, তিন ধরনের যাত্রী মেট্রোরেল ও দূরপাল্লার রেলে ২৫ শতাংশ ডিসকাউন্ট সুবিধা পাবে। তারা হলেন— বয়স্ক ব্যক্তি, প্রতিবন্ধী এবং ছাত্র বা শিক্ষার্থী। তবে, তাদেরকে যথাযথ আইডি কার্ড প্রদর্শন করতে হবে। খবর বাসস
আজ মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, যেহেতু ঈদের অল্প দিন বাকি, আমরা ঈদের আগেই চেষ্টা করছি। সম্ভব হওয়ার সম্ভাবনা একটু কম, কিন্তু আগামী কোরবানির ঈদের আগে নিশ্চয়ই এটি নিশ্চিত হবে এবং টিকিটের ২৫ পার্সেন্ট ডিসকাউন্টে চলতে পারবে।
ট্রেনের টিকিটগুলো তো অনলাইনে হয়, অনলাইনে ডিসকাউন্ট টিকিট কীভাবে হবে—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অনলাইনে ওখানে অপশন থাকবে।
মন্ত্রী বলেন, আপনি আইডি কার্ড দেখালে ৬৫ বছরের বেশি বয়স হলেই আপনাকে ২৫ শতাংশ ডিসকাউন্ট করতে হবে। স্টুডেন্ট আইডি কার্ড শো করতে হবে এবং যারা ডিজেবল পিপল আছেন, তাদের ক্ষেত্রেও যেটা হবে, তাদেরও একটি কার্ড আছে। সেটা প্রদর্শন করলেই তারা সেই ডিসকাউন্টের সুবিধা পাবেন।
রেলের প্রায় ১ লাখ কোটি টাকার উপর বিগত সরকার কাজ করেও আসলে রেলের কোনো উন্নয়ন কাগজে-কলমে ছাড়া দেখাতে পারেনি। আমরা দেখি রেলের ইঞ্জিন কম, রেল চলে না, থেমে যায়।
এইসব বিষয়ে আসলে প্রধানমন্ত্রী কিছু বলেছেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, সহজ কথা হচ্ছে যে— আমরা রেলের একেবারে সার্বিক উন্নয়ন চাচ্ছি। এখন যে সমস্ত ট্রেন চালু আছে, তার গতি বৃদ্ধি এবং অল্প সময় যাতায়াত কীভাবে করা যায় তার জন্য বিদ্যমান কিছু প্রকল্প আরো বেগ পাবে বাস্তবায়ন করার ক্ষেত্রে।
তিনি বলেন, নতুন কিছু প্রকল্প গ্রহণ করা হচ্ছে। যার ফলে রেলের বিদ্যমান যে অবস্থা আপনারা দেখছেন যে— সেবা এবং যে সার্ভিস এখানে আছে, সেটা আরো শক্তিশালী হবে, জনবান্ধব হবে।