ইরানি নাবিকদের দেশে ফেরত না পাঠাতে শ্রীলঙ্কাকে যুক্তরাষ্ট্রের চাপ

যুক্তরাষ্ট্রের ডুবিয়ে দেওয়া একটি ইরানি যুদ্ধজাহাজ থেকে বেঁচে ফেরা নাবিক এবং শ্রীলঙ্কার হেফাজতে থাকা অন্য একটি ইরানি জাহাজের ক্রুদের নিজ দেশে ফেরত না পাঠাতে কলম্বোকে ওয়াশিংটন চাপ দিচ্ছে বলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক অভ্যন্তরীণ তারবার্তায় তথ্য উঠে এসেছে। বার্তা সংস্থা রয়টার্স শুক্রবারের ওই তারবার্তাটি দেখেছে।

গত বুধবার শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী গল থেকে ১৯ নটিক্যাল মাইল দূরে ভারত মহাসাগরে ইরানি যুদ্ধজাহাজ আইআরআইএস দেনা-কে ডুবিয়ে দেয় একটি মার্কিন ডুবোজাহাজ। ভারতে একটি নৌমহড়া শেষ করে ফেরার পথে আন্তর্জাতিক জলসীমায় এই হামলার ঘটনা ঘটে।

এরপর বৃহস্পতিবার শ্রীলঙ্কা তাদের বিশেষ অর্থনৈতিক এলাকার ভেতরে থাকা দ্বিতীয় আরেকটি ইরানি জাহাজ, আইআরআইএস বুশেহরে থাকা ২০৮ ক্রুকে উদ্ধারে নামে। লঙ্কান প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দেশানায়েকে বিষয়টিকে ‘মানবিক দায়িত্ব’ হিসেবে উল্লেখ করে তাদের দ্বীপে আশ্রয় দিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই তারবার্তায় দেখা যায়, কলম্বোতে মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত প্রধান জেন হাওয়েল শ্রীলঙ্কা সরকারকে জোর দিয়ে বলেছেন যে, দেনার বেঁচে ফেরা ৩২ নাবিক ও বুশেহরের ক্রুদের ইরানে ফেরত পাঠানো উচিত হবে না। এতে উল্লেখ করা হয়, শ্রীলঙ্কার কর্তৃপক্ষের উচিত এই নাবিকদের প্রচার-প্রচারণায় ব্যবহারের ইরানি চেষ্টা সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনা।

রয়টার্স এই বিষয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়, লঙ্কান প্রেসিডেন্টের কার্যালয় বা তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো আনুষ্ঠানিক মন্তব্য সংগ্রহ করতে পারেনি।

তবে তারবার্তায় আরও জানা গেছে, হাওয়েল ভারত ও শ্রীলঙ্কায় নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে জানিয়েছেন যে, ইরানি ক্রুদের এখনই দেশে ফেরত পাঠানোর কোনো পরিকল্পনা নেই। ইসরায়েলি দূত এসময় ক্রুদের ‘পক্ষত্যাগে’ উৎসাহিত করার সম্ভাবনা নিয়েও আলোচনা করেছেন।

এদিকে, বুধবার শ্রীলঙ্কার স্বাস্থ্য ও গণমাধ্যম বিষয়ক উপমন্ত্রী হানসাকা উইজেমুনি জানান, তেহরান যুদ্ধজাহাজ দেনার নিহত নাবিকদের মরদেহ দেশে ফেরাতে কলম্বোর সহায়তা চেয়েছে। তবে মরদেহ ফেরানোর সময়সীমা এখনো চূড়ান্ত হয়নি।

নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, দেনা অস্ত্রশস্ত্রে সজ্জিত থাকায় হামলার আগে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। বর্তমানে বুশেহর জাহাজটি শ্রীলঙ্কার একটি পোতাশ্রয়ে এবং এর ক্রুরা কলম্বোর কাছে একটি নৌ-শিবিরে রয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

sixteen − 13 =