ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ বৃহস্পতিবার সকাল ১১টা ৫ মিনিটে স্পিকারের চেয়ার খালি রেখে শুরু হয়েছে। খবর বাসস

অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এরপর বেলা সোয়া ১১টার দিকে বক্তব্য দেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যের শুরুতেই তিনি ১৯৭১ সাল থেকে সব আন্দোলন-সংগ্রামের শহীদদের স্মরণ করেন।

সংসদ নেতা তারেক রহমান সংসদ অধিবেশনে সভাপতিত্ব করার জন্য প্রবীণ রাজনীতিবিদ ও সরকারি দলের সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন। সরকারি দলের অপর সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রস্তাব সমর্থন করেন।

এছাড়া অধিবেশনে সভাপতিত্ব করার জন্য খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাবকে বিরোধী দলীয় উপনেতা জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরও সমর্থন জানান।

সাধারণত বিদায়ী সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারের সভাপতিত্বে নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হয় তার সভাপতিত্বে। তবে এবার এর ব্যতিক্রম হচ্ছে।

দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ২০২৪ সালের সেপ্টেম্বরে পদত্যাগ করার পর তাকে প্রকাশ্যে দেখা যায়নি। হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে বিদায়ী ডেপুটি স্পিকার শামসুল হক (টুকু) কারাগারে। এমন পরিস্থিতিতে আজ সংসদ কক্ষে স্পিকারের আসনটি ফাঁকা রেখে শুরু হয় অধিবেশন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

19 + fourteen =