আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা বিয়ে করলেন

আলোচিত শিশুশিল্পী, কনটেন্ট ক্রিয়েটর ও মডেল সিমরিন লুবাবা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। অনেক আগেই শোবিজের গ্ল্যামার জগৎকে বিদায় দিয়েছিলেন। মঙ্গলবার (৩১ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে নিজেই বিয়ের খবরটি নিশ্চিত করেছেন।

পোস্টে লুবাবা লেখেন, ‘আলহামদুলিল্লাহ। দুটি আত্মা, এক কিবলা। দুনিয়া ও আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বিন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।’ এই পোস্ট প্রকাশের পরই ভক্ত ও নেটিজেনরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছায় ভাসিয়েছেন।

লুবাবার পোস্টে একটি ছবি থাকলেও সেখানে বর-কনের চেহারা স্পষ্ট নয়। পাত্রের পরিচয় নিয়েও তিনি কিছু জানাননি। ফলে কে তার জীবনসঙ্গী—এ নিয়ে নেটিজেনদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। বিভিন্ন মাধ্যমে পাত্রকে বিদেশপ্রবাসী বা আলেম বলে দাবি করা হলেও এসব তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এছাড়াও বিয়ের বিষয়ে দেশের একটি গণমাধ্যম তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে লুবাবার মা জাহিদা ইসলাম কোনো মন্তব্য করতে রাজি হননি।

প্রয়াত অভিনেতা আবদুল কাদেরের নাতনি হিসেবে খুব অল্প বয়সেই পরিচিতি পান সিমরিন লুবাবা। মাত্র ৪ বছর বয়সে টিভি ক্যারিয়ার শুরু করেন লুবাবা। প্রথমে বাটা জুতার বিজ্ঞাপনে অংশ নেন। এরপর দেশের একাধিক নামী ব্র্যান্ডের বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করেন তিনি। লুবাবার প্রথম অডিও কভার গান ‘মানিকে মাগে হিতে’ বেশ সাড়া ফেলেছিল নেট দুনিয়াতে।

এছাড়াও চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন সিমরিন লুবাবা। দ্য স্টোরি অফ অ্যা রক (২০২৪), ছায়া (২০২৫) এ শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছেন সিমরিন লুবাবা।

তবে গত বছরের শেষ দিকে হঠাৎ করেই বিনোদনজগৎ থেকে নিজেকে সরিয়ে নেয়ার ঘোষণা দেন তিনি। পরে জানান, তিনি আর প্রকাশ্যে আসবেন না। তার মা তখন বলেছিলেন, ধর্মীয় অনুশীলনের দিকেই ঝুঁকেছেন লুবাবা এবং জীবনধারায় পরিবর্তন আনতে চান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

nineteen − sixteen =