আরও বেশি বাংলাদেশি অভিবাসী গ্রহণে ইতালি সরকারের প্রতি অনুরোধ তথ্যমন্ত্রীর

বাংলাদেশ থেকে বৈধ পথে ইতালিতে আরও বেশি অভিবাসী গ্রহণের জন্য দেশটির সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। খবর বাসস

তিনি বলেন, ইতালি বাংলাদেশি অভিবাসীদের জন্য একটি অত্যন্ত জনপ্রিয় গন্তব্য। বর্তমানে বিপুল সংখ্যক বাংলাদেশি সেখানে অত্যন্ত সুনামের সাথে কাজ করছেন এবং তারা উভয় দেশের অর্থনীতিতেই গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

আজ মঙ্গলবার সকালে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিস কক্ষে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই অনুরোধ জানান।

এ সময় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে তার দায়িত্ব গ্রহণের জন্য আন্তরিক অভিনন্দন জানান। তিনি দুই দেশের মধ্যে বিদ্যমান দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও সুদৃঢ় সম্পর্কের কথা উল্লেখ করেন।

বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে ইতালিতে সমুদ্র পথে অবৈধ ও ঝুঁকিপূর্ণ অভিবাসনের বিষয়টি উত্থাপন করেন। এর জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং তথ্য উপদেষ্টা উভয়ই বৈধ প্রক্রিয়াকে উৎসাহিত করার ওপর জোর দেন। পাশাপাশি বৈধ পথে বাংলাদেশ থেকে ইতালিতে জনশক্তি রপ্তানি বৃদ্ধির অনুরোধ জানান।

এ প্রসঙ্গে ইতালির রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ থেকে ইতালিতে বৈধ উপায়ে অভিবাসন প্রক্রিয়া সফলভাবে চলমান রয়েছে। তিনি এ সংক্রান্ত তথ্য তুলে ধরে বলেন, বিগত এক বছরেই বাংলাদেশ থেকে প্রায় ২০ হাজার মানুষ বৈধভাবে ইতালিতে অভিবাসী হয়েছেন।

সাক্ষাৎকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন দুই দেশের সম্পর্ককে আরও বহুমুখী ও শক্তিশালী করার ওপর জোর দেন।

তিনি গণযোগাযোগ, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং সম্প্রচার খাতের আধুনিকায়নে ইতালির সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সাথে যৌথভাবে কাজ করার প্রস্তাব দেন। এক্ষেত্রে ইতালির উন্নত অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সক্ষমতাকে কাজে লাগিয়ে ‘নলেজ শেয়ারিং’ বা জ্ঞান আদান-প্রদানের বিষয়ে গভীর আগ্রহ ব্যক্ত করেন মন্ত্রী।

এছাড়া, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ককে আরও জোরদার করতে পণ্যের বহুমুখীকরণের ওপর গুরুত্বারোপ করেন তথ্যমন্ত্রী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

twenty − seven =