ম্যাচ বিশ্লেষণ: মেসির জাদুতে দাপুটে জয়, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা

সালেক সুফী

আর্জেন্টিনা ২-০ অস্ট্রিয়া

আবারও লিওনেল মেসির জাদু। আবারও আর্জেন্টিনার জয়। বিশ্বকাপের মঞ্চে নিজের অসাধারণ নৈপুণ্যে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের দুই গোলই এসেছে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির পা থেকে। প্রথম গোলের মাধ্যমে তিনি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার নতুন রেকর্ড গড়েন। পরে যোগ করা সময়ে দ্বিতীয় গোল করে নিজের মোট গোলসংখ্যা ১৮-তে উন্নীত করেন। চলতি বিশ্বকাপে দুই ম্যাচে আর্জেন্টিনার করা পাঁচটি গোলের সবকটিই এসেছে তার পা থেকে।

দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘জে’ গ্রুপের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অস্ট্রিয়া। অন্যদিকে জর্ডান ও আলজেরিয়া এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি।

ম্যাচের শুরুটা অবশ্য আর্জেন্টিনার জন্য সুখকর ছিল না। নবম মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন মেসি। তবে কিংবদন্তিরাও ভুল করেন, আর সেটাই যেন তার ক্ষুধাকে আরও বাড়িয়ে দেয়।

অস্ট্রিয়ার পরিকল্পনা ছিল আর্জেন্টিনাকে উইং দিয়ে খেলতে বাধ্য করা এবং মাঝমাঠের ছোট ছোট পাসভিত্তিক আক্রমণ ভেঙে দেওয়া। শুরুতে তারা কিছুটা সফলও হয়। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নিজেদের ছন্দে ফিরতে শুরু করে আর্জেন্টিনা।

মেসির নেতৃত্বে আক্রমণের গতি বাড়তে থাকে। আর্জেন্টিনার দ্রুতগতির ফুটবল সামাল দিতে অস্ট্রিয়া রক্ষণভাগে অতিরিক্ত খেলোয়াড় নামিয়ে জমাট প্রতিরক্ষা গড়ে তোলে। কিন্তু শেষ পর্যন্ত সেই প্রাচীরও ভেঙে পড়ে।

৩৮তম মিনিটে বাঁ প্রান্ত থেকে ফাকুন্দো মেদিনার পাস থিয়াগো আলমাদা বুদ্ধিমত্তার সঙ্গে ছেড়ে দেন। মুহূর্তের মধ্যেই বল নিয়ন্ত্রণে নিয়ে দুর্দান্ত বাঁ-পায়ের শটে গোল করেন মেসি। গোলরক্ষক আলেকজান্ডার শ্লাগার ছিলেন সম্পূর্ণ অসহায়। বিশ্বকাপে নিজের ১৭তম গোল করে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে বসেন তিনি।

ফুটবলপ্রেমীরা হয়তো ভিন্ন ভিন্ন দেশের সমর্থক—কেউ আর্জেন্টিনা, কেউ ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড কিংবা পর্তুগালের। কিন্তু মেসির ফুটবল জাদুতে মুগ্ধ নন, এমন মানুষ খুঁজে পাওয়া সত্যিই কঠিন। তার মতো আরেকজন ফুটবলার ভবিষ্যতে দেখা যাবে কি না, সেটি সময়ই বলে দেবে।

ম্যাচের অধিকাংশ সময় অস্ট্রিয়া নিজেদের রক্ষণভাগ সুসংগঠিত রেখেছিল। তবে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আবারও তাদের প্রতিরোধ ভেঙে যায়।

প্রথমে হুলিয়ান আলভারেসের শট প্রতিহত করেন অস্ট্রিয়ার এক ডিফেন্ডার। ফিরতি বলে মেসির প্রথম প্রচেষ্টাও আটকে যায়। কিন্তু দ্বিতীয়বার সুযোগ পেয়ে আর ভুল করেননি তিনি। কোনাকুনি শটে বল জালে জড়িয়ে নিজের ১৮তম বিশ্বকাপ গোলটি করেন আর্জেন্টিনা অধিনায়ক।

এই জয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে আর্জেন্টিনা। পরের পর্বে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে এবারের বিশ্বকাপের চমক জাগানো দল কেপ ভার্দে।

এদিকে বিশ্বকাপের গোলদাতার লড়াইও জমে উঠছে। আজ কিছুক্ষণ পর কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স ইরাকের মুখোমুখি হবে। ফুটবল বিশ্ব এখন তাকিয়ে থাকবে, মেসির রেকর্ডের পেছনে অন্য তারকারা কতটা এগোতে পারেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

4 × five =