প্রথম সন্তানের অপেক্ষায় সামান্থা, নিচ্ছেন মাতৃত্বকালীন বিরতি

দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু জানিয়েছেন, তিনি প্রথম সন্তানের মা হতে চলেছেন। একই সঙ্গে বর্তমান কাজ শেষ করে সাময়িকভাবে অভিনয় থেকে মাতৃত্বকালীন বিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

নিজের নতুন সিনেমা ‘মা ইনতি বাঙ্গারাম’-এর সাফল্য উদযাপন অনুষ্ঠানে সামান্থা বলেন, শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তিনি শিগগিরই মাতৃত্বকালীন ছুটিতে যাবেন। তবে হাতে থাকা কাজ শেষ করেই এই বিরতি নেবেন এবং পরে নতুন চলচ্চিত্র নিয়ে দর্শকদের সামনে ফিরবেন।

গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সামান্থার ‘বেবি বাম্প’ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। এরপর বিভিন্ন গণমাধ্যমেও তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশিত হয়। অবশেষে নিজেই বিষয়টি নিশ্চিত করায় সব জল্পনার অবসান ঘটেছে।

গত বছরের ১ ডিসেম্বর নির্মাতা রাজ নিদিমোরুকে বিয়ে করেন সামান্থা। জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’-এ কাজ করতে গিয়ে তাদের পরিচয়, যা পরে সম্পর্কে রূপ নেয়। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘মা ইনতি বাঙ্গারাম’ ছবিতেও তারা একসঙ্গে কাজ করেছেন।

এর আগে দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে সামান্থার চার বছরের দাম্পত্য জীবন বিচ্ছেদে শেষ হয়। ২০২২ সালে তিনি মায়োসাইটিস রোগে আক্রান্ত হওয়ার কথা প্রকাশ করেন এবং দীর্ঘ সময় চিকিৎসা ও পুনর্বাসনের পর অভিনয়ে ফিরে আসেন। ব্যক্তিগত জীবনের নতুন এই অধ্যায়কে ঘিরে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

one × 1 =