টানা বর্ষণে ডুবছে ঢাকা, জলাবদ্ধতায় চরম ভোগান্তি নগরজীবনে

ঢাকা, ১২ জুলাই: সক্রিয় মৌসুমি বায়ু ও সৃষ্ট নিম্নচাপের প্রভাবে রাজধানী ঢাকায় শনিবার রাত থেকে টানা ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। কয়েক ঘণ্টার বৃষ্টিতেই রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, ফলে দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ নগরবাসী।

রোববার সকালে রাজধানীর প্রধান সড়ক, সংযোগ সড়ক এবং বিভিন্ন অলিগলিতে হাঁটুসমান পানি জমে থাকতে দেখা যায়। বৃষ্টি উপেক্ষা করে ছাতা, রেইনকোট কিংবা পলিথিনের আশ্রয় নিয়ে কর্মস্থলের উদ্দেশ্যে বের হন হাজারো মানুষ। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন পথচারী, দিনমজুর, রিকশাচালক ও নিম্নআয়ের মানুষ।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত কয়েকদিন ধরেই ঢাকাসহ দেশের অধিকাংশ অঞ্চলে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। শনিবার মধ্যরাত থেকে শুরু হওয়া বৃষ্টিপাত রোববার ভোরের পর আরও তীব্র আকার ধারণ করে, যার ফলে রাজধানীর নিচু এলাকাগুলোতে দ্রুত পানি জমে যায়।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রোববার দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে।

সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে টানা বর্ষণের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলায় জলাবদ্ধতা, পাহাড়ধস ও বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে পাহাড়ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

4 × 5 =