সাবেক স্পিকার ও অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

ঢাকা, ১২ জুলাই, ২০২৬ – সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক মন্ত্রী এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। খবর বাসস

সুপ্রিম কোর্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন জমির উদ্দিন সরকার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে স্নাতকোত্তর (এমএ) এবং এলএলবি ডিগ্রি অর্জনের পর ১৯৬১ সালে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে যান। পরে লন্ডনের লিংকনস ইন থেকে ‘ব্যারিস্টার-অ্যাট-ল’ ডিগ্রি লাভ করে দেশে ফিরে আইন পেশায় আত্মনিয়োগ করেন।

দীর্ঘ আইনজীবী জীবনে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে সংবিধান, দেওয়ানি ও ফৌজদারি আইন বিষয়ে অন্যতম খ্যাতিমান আইনজীবী হিসেবে পরিচিতি লাভ করেন।

রাজনৈতিক জীবনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা সদস্যদের একজন হিসেবে দলটির সূচনালগ্ন থেকেই স্থায়ী কমিটির সদস্য ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের বিভিন্ন মেয়াদে তিনি গুরুত্বপূর্ণ মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেন।

তিনি বিভিন্ন সময়ে গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০১ সালের ২৮ অক্টোবর থেকে ২০০৯ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত অষ্টম জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। দায়িত্ব পালনকালে তিনি এক পর্যায়ে বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্বও পালন করেন।

ব্যক্তিগত জীবনে তাঁর সহধর্মিণী নূর আখতার ২০২৩ সালে মৃত্যুবরণ করেন। তিনি এক কন্যা ও দুই পুত্র রেখে গেছেন। তাঁর পুত্র ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দেশের আইনাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর দীর্ঘ রাজনৈতিক, সাংবিধানিক ও আইনগত অবদান বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র এবং বিচারব্যবস্থার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

one + 15 =