হলিউডের প্রখ্যাত অভিনেতা এবং ‘জুরাসিক পার্ক’ খ্যাত তারকা স্যাম নিল আর নেই। ৭৮ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন নিউজিল্যান্ডের এই কিংবদন্তি অভিনেতা। সোমবার (১৩ জুলাই) তাঁর পরিবারের পক্ষ থেকে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
পরিবারের এক বিবৃতিতে জানানো হয়, অস্ট্রেলিয়ার সিডনিতে স্বজনদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে মৃত্যুবরণ করেন স্যাম নিল। তবে তাঁর মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি। পরিবারের ভাষ্য, মৃত্যুকালে তিনি ক্যানসারমুক্ত ছিলেন।
পাঁচ দশকেরও বেশি সময়ের অভিনয়জীবনে স্যাম নিল ১৫০টির বেশি চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনায় অভিনয় করেন। তবে স্টিভেন স্পিলবার্গ পরিচালিত ১৯৯৩ সালের ব্লকবাস্টার ‘জুরাসিক পার্ক’-এ জীবাশ্মবিদ ড. অ্যালান গ্রান্ট চরিত্রে অভিনয়ই তাঁকে বিশ্বজুড়ে বিপুল জনপ্রিয়তা এনে দেয়।
পরবর্তীতে ‘জুরাসিক পার্ক ৩’ এবং ‘জুরাসিক ওয়ার্ল্ড: ডোমিনিয়ন’ চলচ্চিত্রেও একই চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়ান তিনি।
১৯৪৭ সালে উত্তর আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করা স্যাম নিল শৈশবে পরিবারের সঙ্গে নিউজিল্যান্ডে চলে যান। থিয়েটারের মাধ্যমে অভিনয়জীবন শুরু করে ধীরে ধীরে আন্তর্জাতিক চলচ্চিত্রে নিজের শক্ত অবস্থান গড়ে তোলেন।
‘দ্য পিয়ানো’, ‘দ্য হান্ট ফর রেড অক্টোবর’, ‘ইভেন্ট হরাইজন’ এবং জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘পিকি ব্লাইন্ডার্স’-এ তাঁর অভিনয় সমানভাবে প্রশংসিত হয়েছে।
২০২২ সালে তিনি বিরল ধরনের রক্তের ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা প্রকাশ করেছিলেন। দীর্ঘ চিকিৎসার মাধ্যমে রোগ নিয়ন্ত্রণে এলেও নিয়মিত চিকিৎসার মধ্যেই ছিলেন এই বরেণ্য অভিনেতা।
অভিনয়ের বাইরে নিউজিল্যান্ডে নিজের আঙুরখেত ও ওয়াইনারি পরিচালনা করতেন স্যাম নিল। সহজ-সরল জীবনযাপন, রসবোধ এবং প্রাণবন্ত ব্যক্তিত্বের জন্যও তিনি ভক্তদের কাছে ছিলেন সমান জনপ্রিয়।
মৃত্যুকালে তিনি চার সন্তান ও ছয় নাতি-নাতনি রেখে গেছেন। তাঁর মৃত্যুতে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। কোটি কোটি ভক্ত স্মরণ করছেন পর্দার সেই অবিস্মরণীয় ড. অ্যালান গ্রান্টকে, যিনি ‘জুরাসিক পার্ক’-এর মাধ্যমে বিশ্ব চলচ্চিত্রে স্থায়ী স্থান করে নিয়েছেন।