উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লাকে সম্মাননা প্রদান এবং তাঁর একক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আগামী ২৪ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হবে।
এর আগে অনুষ্ঠানটি ১৮ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সময়সূচি পরিবর্তন করে ২৪ জুলাই নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ অনুষ্ঠানে বন্যার্ত মানুষের সহায়তায় বিশেষ পরিবেশনায় অংশ নেবেন রুনা লায়লা। সম্মাননা গ্রহণের পর তিনি তাঁর জনপ্রিয় ও কালজয়ী গান পরিবেশন করবেন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি জানিয়েছে, রুনা লায়লা শুধু বাংলাদেশের নয়, সমগ্র উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতশিল্পী। দীর্ঘ সংগীতজীবনে তিনি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সংস্কৃতিকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর কণ্ঠে প্রেম, দেশাত্মবোধ, মানবিকতা ও সাংস্কৃতিক ঐক্যের বার্তা প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে।
একাডেমির মতে, জাতীয় সংস্কৃতির বিকাশে অসামান্য অবদান রাখা এই কিংবদন্তি শিল্পীকে সম্মান জানানো মানে দেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও স্মৃতিকে সম্মানিত করা। সেই স্বীকৃতিস্বরূপ জাতীয় পর্যায়ে তাঁকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও সংস্কৃতি মন্ত্রণালয়ের পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ডা. জাহেদ উর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি সচিব কানিজ মওলা।