আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অগ্রগতি, ক্যারিয়ারসেরা রেটিংয়ে তানজিদ

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের ইতিবাচক প্রভাব পড়েছে আইসিসির সর্বশেষ খেলোয়াড়দের র‌্যাঙ্কিংয়ে। দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে ওপেনার তানজিদ হাসান তামিম ক্যারিয়ারসেরা রেটিং অর্জন করেছেন। একই সঙ্গে ব্যাটিং, বোলিং ও অলরাউন্ডার—তিন বিভাগেই উন্নতি হয়েছে বাংলাদেশের একাধিক ক্রিকেটারের।

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে হারলেও পরের দুই ম্যাচ জিতে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ৫৮ এবং তৃতীয় ও শেষ ম্যাচে অপরাজিত ৬৬ রানের ইনিংস খেলে ম্যাচসেরা ও সিরিজসেরার পুরস্কার জেতেন তানজিদ।

এই পারফরম্যান্সের সুবাদে আইসিসির টি-টোয়েন্টি ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে ২০তম স্থানে উঠে এসেছেন তিনি। ৬৪৯ রেটিং পয়েন্ট নিয়ে এটি তার ক্যারিয়ারের সর্বোচ্চ রেটিং। যদিও ২০২৫ সালের অক্টোবরে তিনি একবার ১৭ নম্বর অবস্থানে উঠেছিলেন, এবার রেটিংয়ের দিক থেকে নিজের আগের সেরাকেও ছাড়িয়ে গেছেন।

বাংলাদেশের আরেক ওপেনার সাইফ হাসানও র‌্যাঙ্কিংয়ে বড় অগ্রগতি করেছেন। সিরিজের দ্বিতীয় ম্যাচে ৫৫ রানের ইনিংস খেলে তিনি নয় ধাপ এগিয়ে ২৭তম স্থানে উঠে এসেছেন। টি-টোয়েন্টি ব্যাটিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের ঈশান কিষান।

বোলিং বিভাগেও উন্নতি হয়েছে বাংলাদেশের কয়েকজন ক্রিকেটারের। অফস্পিনার শেখ মেহেদী হাসান চার ধাপ এগিয়ে ১৯তম স্থানে পৌঁছেছেন। সিরিজে পাঁচ উইকেট নেওয়া লেগস্পিনার রিশাদ হোসেন আট ধাপ এগিয়ে যৌথভাবে ২৫তম স্থানে উঠেছেন।

উইকেট না পেলেও অন্য বোলারদের রেটিং পরিবর্তনের কারণে তাসকিন আহমেদ নয় ধাপ এগিয়ে ৬৯তম স্থানে উঠে এসেছেন। অন্যদিকে চার ধাপ পিছিয়ে ১৩তম স্থানে নেমেছেন নাহিদ রানা, যদিও বাংলাদেশি বোলারদের মধ্যে তিনিই এখনও সর্বোচ্চ অবস্থানে রয়েছেন।

অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে বাংলাদেশের দুই ক্রিকেটারের। শেখ মেহেদী দুই ধাপ এগিয়ে ৩৮তম এবং সাইফ হাসান ২৭ ধাপ এগিয়ে ৪৬তম স্থানে জায়গা করে নিয়েছেন।

বাংলাদেশের পাশাপাশি জিম্বাবুয়ের কয়েকজন ক্রিকেটারও র‌্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য উন্নতি করেছেন। পেসার রিচার্ড এনগারাভা ৩৭ ধাপ এগিয়ে ৩২তম এবং ব্লেসিং মুজারাবানি ২২ ধাপ এগিয়ে ৩৬তম স্থানে উঠেছেন। ব্যাটিংয়ে ব্রায়ান বেনেট দুই ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা নবম স্থানে পৌঁছেছেন।

টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন আফগানিস্তানের রাশিদ খান, আর অলরাউন্ডারদের তালিকায় এক নম্বরে রয়েছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।

এদিকে আইসিসির সর্বশেষ ওয়ানডে র‌্যাঙ্কিংয়েও পরিবর্তন এসেছে। ইংল্যান্ডের জো রুট চার ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠে ২০২০ সালের পর আবারও সেরা দশে ফিরেছেন। ব্যাটিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। অলরাউন্ডারদের তালিকায় যথারীতি এক নম্বরে আছেন আফগানিস্তানের আজমাতউল্লাহ ওমরজাই, আর দ্বিতীয় স্থানে রয়েছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

twenty + 20 =