তেলুগু সিনেমায় অভিষেক, ‘বাহুবলী’ তারকার বিপরীতে মধুমিতা

বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনের গণ্ডি পেরিয়ে এবার তেলুগু চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে অভিনেত্রী মধুমিতা সরকারের। রোমান্টিক সাইকোলজিক্যাল থ্রিলার ‘মায়া লেডি’-তে অভিনয়ের মাধ্যমে দক্ষিণী চলচ্চিত্রে যাত্রা শুরু করছেন তিনি। সিনেমাটিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন ‘বাহুবলী’-খ্যাত অভিনেতা রাকেশ ভারে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন সিনেমার ফার্স্ট লুক ও শুটিংয়ের কিছু মুহূর্ত শেয়ার করেন মধুমিতা। পোস্টে তিনি জানান, ‘মায়া লেডি’ তাঁর ক্যারিয়ারের একটি বিশেষ প্রকল্প, যেখানে দর্শক তাঁকে একেবারেই ভিন্নধর্মী একটি চরিত্রে দেখতে পাবেন।

‘মায়া লেডি’ একটি রোমান্টিক সাইকোলজিক্যাল থ্রিলার। প্রেম, রহস্য ও অ্যাকশনের সমন্বয়ে নির্মিত ছবিটি পরিচালনা করছেন প্রশঙ্কর। প্রযোজনায় রয়েছে ক্রেজি অ্যান্টস প্রোডাকশন, আর গান ও আবহসংগীতের দায়িত্বে রয়েছেন জনপ্রিয় সংগীত পরিচালক বিশাল চন্দ্রশেখর।

নির্মাতারা জানান, ছবিটির প্রাথমিক নাম ছিল ‘ওকে ওকা আশা’। পরে গল্প ও নির্মাণ পরিকল্পনায় পরিবর্তন আনার পর এর নাম পরিবর্তন করে রাখা হয় ‘মায়া লেডি’। ভিন্নধর্মী গল্প ও অভিনয় ছবিটিকে দর্শকদের কাছে আলাদা আবেদন তৈরি করবে বলে আশা করছেন তারা।

এদিকে, দক্ষিণী সিনেমার পাশাপাশি বাংলাদেশের চলচ্চিত্রেও অভিষেক হচ্ছে মধুমিতার। বর্তমানে তিনি বাংলাদেশে নির্মিত ‘গুলশানের চামেলি’ ছবির শুটিংয়ে ব্যস্ত। ছবিটি পরিচালনা করছেন মহম্মদ ইকবাল। বাংলাদেশি এই প্রজেক্টটিকেও নিজের অভিনয়জীবনের গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন অভিনেত্রী।

ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘বোঝে না সে বোঝে না’ ও ‘কুসুম দোলা’-র মাধ্যমে দর্শকপ্রিয়তা পাওয়া মধুমিতা পরে বড়পর্দা ও ওটিটি প্ল্যাটফর্মেও নিজের অবস্থান তৈরি করেন। ‘চিনি’ ও ‘কুলের আচার’-এর মতো সিনেমায় প্রশংসিত অভিনয়ের পর এবার দক্ষিণী ইন্ডাস্ট্রিতে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি। এখন দেখার বিষয়, তেলুগু চলচ্চিত্রে তাঁর এই নতুন যাত্রা দর্শকদের কতটা মুগ্ধ করতে পারে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

5 × five =