ইবাদতের বলে বেঁচে প্রযুক্তির কৃতিত্ব দিলেন স্মিথ

ডারউইন টেস্টের প্রথম দিন ইবাদত হোসেনের বলে বেঁচে গিয়ে প্রযুক্তির কৃতিত্ব দিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভেন স্মিথ। তার দাবি, বলটি ব্যাটের কানায় লেগেছিল বলে তিনি অনুভব করেছিলেন। তবে আলট্রাএজে কোনো স্পাইক ধরা না পড়ায় আউটের সিদ্ধান্ত থেকে বেঁচে যান তিনি।

অস্ট্রেলিয়ার ইনিংসের ২১তম ওভারে ঘটনাটি ঘটে। ইবাদতের বল স্মিথের ব্যাটের পাশ দিয়ে উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে জমা পড়ে। সঙ্গে সঙ্গে বাংলাদেশের ফিল্ডাররা আবেদন ও উল্লাস শুরু করলেও আম্পায়ার কুমার ধর্মসেনা তাতে সাড়া দেননি।

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দ্রুত রিভিউ নেন। এ সময় স্মিথও ড্রেসিংরুমের দিকে হাঁটা শুরু করেছিলেন। কিন্তু রিপ্লেতে আলট্রাএজে কোনো স্পাইক না থাকায় শেষ পর্যন্ত নটআউট থাকেন তিনি। ইবাদতও যেন ঘটনাটি বিশ্বাস করতে পারছিলেন না।

স্মিথ তখন মাত্র ৭ রানে ব্যাট করছিলেন। এর আগে ২ রানের সময় স্লিপে তার ক্যাচও ফেলেছিলেন তানজিদ হাসান। জীবন পাওয়া স্মিথ শেষ পর্যন্ত ৭১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তার ৭১ রানের ওপর ভর করে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ১৯৮ রান সংগ্রহ করে।

দিনের খেলা শেষে ফক্স ক্রিকেটকে দেওয়া সাক্ষাৎকারে স্মিথকে জিজ্ঞেস করা হয়, বলটি সত্যিই তার ব্যাটের কানায় লেগেছিল কি না। জবাবে তিনি বলেন, “হ্যাঁ, আমার তাই মনে হয়। আমি ভাগ্যবান ছিলাম? হ্যাঁ, তেমনই মনে হচ্ছে।”

রিয়েল-টাইম স্নিকো প্রযুক্তি নিয়ে গত অ্যাশেজ সিরিজেও বিতর্ক হয়েছিল। তবে স্মিথ বলেন, সাধারণত প্রযুক্তিটি ভালোভাবেই কাজ করে।

তিনি বলেন, “হয়তো ব্যাটে লাগেনি। আমি জানি না। কিন্তু আমি নিশ্চিতভাবে কিছু একটা অনুভব করেছি। যদি আমাকে আউট দেওয়া হতো, আমি মাঠ ছেড়ে চলে যেতাম। তবে হ্যাঁ, আমার মনে হয় প্রযুক্তিই আজ আমাকে বাঁচিয়ে দিয়েছে।”

শেষ পর্যন্ত স্মিথের এই ‘জীবন’ অস্ট্রেলিয়ার জন্য কিছুটা স্বস্তি এনে দিলেও বাংলাদেশের পেসারদের দাপটে ১৯৮ রানেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

18 − two =