বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক পদে পরিবর্তন আসছে। বর্তমান নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন সম্মানীয় ফেলো হচ্ছেন এবং তার স্থলাভিষিক্ত হচ্ছেন নাজনীন আহমেদ। খবর বিডিনিউজ
বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিপিডি জানিয়েছে, আগামী ১ সেপ্টেম্বর থেকে এ পরিবর্তন কার্যকর হবে।
নাজনীন আহমেদ এর আগে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান—বিআইডিএসে সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে কাজ করেছেন। তিনি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক ব্যুরোয় পলিসি অ্যাডভাইজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশে ইউএনডিপির কান্ট্রি ইকোনমিস্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন নাজনীন। সিপিডির বিজ্ঞপ্তি অনুযায়ী, ইউএনডিপির সদর দপ্তরে তিন বছর কাজ করার পর চলতি মাসে তিনি দেশে ফিরেছেন।
অন্যদিকে ফাহমিদা খাতুন ২০০৩ সাল থেকে সিপিডির সঙ্গে যুক্ত। ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে তিনি প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করে আসছেন।
সিপিডির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, নির্বাহী পরিচালক হওয়ার আগে ফাহমিদা বিআইডিএসে রিসার্চ ফেলো হিসেবে কাজ করেছেন। তিনি বাংলাদেশে ইউএনডিপির পরিবেশ বিশেষজ্ঞ এবং ইউএসএআইডি মিশনে অর্থনীতিবিদ হিসেবেও দায়িত্ব পালন করেন।
সিপিডি বলেছে, ফাহমিদার নেতৃত্বে তাদের অর্থায়নপ্রাপ্ত প্রকল্প ও কর্মসূচির পাশাপাশি অর্থায়নকারী সংস্থা ও উন্নয়ন সহযোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তার সময়ে সিপিডির উন্নয়ন তহবিল প্রায় ৫৯০ শতাংশ এবং বার্ষিক আয় প্রায় ১৭১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
সিপিডির নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ফাহমিদা ট্রাস্টি বোর্ডের সদস্যসচিব হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
নতুন দায়িত্বে নাজনীন আহমেদ সিপিডির গবেষণা ও নীতি-সংলাপভিত্তিক কার্যক্রমে নেতৃত্ব দেবেন। ইউএনডিপিতে তার সাম্প্রতিক কাজের মধ্যে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শ্রমবাজার, সামাজিক সুরক্ষা ও উন্নয়ননীতি নিয়ে নীতিগত গবেষণাও রয়েছে।