শিব্বীর আহমেদ ওয়াশিংটন ডিসি
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান নিয়ে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব এনেছেন রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি। কেন্টাকির রিপাবলিকান প্রতিনিধি ম্যাসি মঙ্গলবার হাউস অব রিপ্রেজেন্টেটিভসে হেগসেথের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব জমা দেন। তাঁর অভিযোগ, কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার মাধ্যমে হেগসেথ ক্ষমতার অপব্যবহার করেছেন।
ম্যাসি দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে মার্কিন অংশগ্রহণের সমালোচনা করে আসছেন। তাঁর বক্তব্য, যুদ্ধ ঘোষণা কিংবা কংগ্রেসের নির্দিষ্ট অনুমোদন ছাড়াই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো সাংবিধানিকভাবে কংগ্রেসের যুদ্ধসংক্রান্ত ক্ষমতাকে খর্ব করেছে। ম্যাসি তাঁর অভিশংসন প্রস্তাবটি ‘প্রিভিলেজড’ হিসেবে জমা দিয়েছেন। এর ফলে প্রতিনিধি পরিষদকে দুই আইনসভা কার্যদিবসের মধ্যে প্রস্তাবটি বিবেচনা করতে হবে। তবে প্রস্তাবটি পাস হওয়ার সম্ভাবনা কম বলে রয়টার্স জানিয়েছে।
ম্যাসির উদ্যোগের প্রতিক্রিয়ায় পেন্টাগন হেগসেথের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। পেন্টাগনের প্রেস সেক্রেটারি কিংসলি উইলসন এক বিবৃতিতে বলেন, পুরো প্রতিরক্ষা বিভাগ হেগসেথের নেতৃত্বের প্রতি ঐক্যবদ্ধ এবং মার্কিন সেনাসদস্য ও দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাবে। ম্যাসি ইরানের যুদ্ধের পাশাপাশি ইসরায়েলকে মার্কিন সামরিক সহায়তারও সমালোচক। চলতি বছরের মে মাসে রিপাবলিকান প্রাইমারিতে তিনি পরাজিত হন এবং আগামী নির্বাচনে আর প্রতিদ্বন্দ্বিতা করছেন না। তাঁর পরাজিত হওয়ার পেছনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-সমর্থিত প্রার্থী এড গ্যালরেইনের জয় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
ইরানের বিরুদ্ধে মার্কিন ও ইসরায়েলি যৌথ হামলার পর থেকে যুদ্ধটি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা ও যুদ্ধ পরিচালনায় কংগ্রেসের অনুমোদনের ভূমিকা নিয়ে নতুন বিতর্ক তৈরি করেছে। ম্যাসির অভিশংসন উদ্যোগ সেই বিতর্ককে আরও তীব্র করতে পারে।