আসছে ছে ‘ডার্টি পিকচার ২’, থাকবেন বিদ্যা?

আলোচিত সিনেমা ‘দ্য ডার্টি পিকচার’ সিনেমার দ্বিতীয় কিস্তি নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রযোজক একতা কাপুর। এবারও কি সিল্ক স্মিতার চরিত্রে দেখা যাবে বিদ্যা বালানকে? নাকি নতুন কোনো তারকার জীবনের গল্প নিয়ে তৈরি হবে সিনেমাটি? এ নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।

সম্প্রতি রণবীর আল্লাহবাদিয়ার পডকাস্টে অংশ নিয়ে ‘দ্য ডার্টি পিকচার ২’ নির্মাণের উদ্যোগের কথা জানান একতা। তার হাতে এমন একটি গল্প এসেছে, যা দর্শকদের সামনে তুলে ধরতে চান তিনি। তবে নতুন সিনেমার গল্প, অভিনয়শিল্পী কিংবা মুক্তির সম্ভাব্য সময় নিয়ে বিস্তারিত কিছু জানাননি এই প্রযোজক।

প্রথম ছবিতে দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সিল্ক স্মিতার জীবনকে বিশেষ দৃষ্টিভঙ্গিতে তুলে ধরা হয়েছিল। নিজের পরিচয় ও যৌনতা নিয়ে স্বাধীন অবস্থান নেওয়ায় সমাজের সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। একতার মতে, সিল্ক স্মিতাকে কেবল অসহায় নারী হিসেবে দেখার সুযোগ নেই। বরং নিজের পরিচয়কে নিজের মতো করে প্রকাশ করা একজন মানুষ ছিলেন তিনি।

২০১১ সালের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল ‘দ্য ডার্টি পিকচার’। মিলন লুথরিয়া পরিচালিত ছবিটিতে সিল্ক স্মিতার ভূমিকায় অভিনয় করে ব্যাপক প্রশংসা পান বিদ্যা বালান। তাঁর সঙ্গে অভিনয় করেছিলেন নাসিরুদ্দিন শাহ, ইমরান হাশমি ও তুষার কাপুর। ছবিতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রীর সম্মানও পান বিদ্যা।

সিল্ক স্মিতা দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের পরিচিত মুখ ছিলেন। ১৮ বছরের অভিনয়জীবনে চার শতাধিক সিনেমায় কাজ করেছিলেন তিনি। মাত্র ৩৫ বছর বয়সে চেন্নাইয়ে নিজের বাসায় তার মৃত্যু হয়।

এবারের ছবিতে কোন ব্যক্তির জীবন উঠে আসবে, তা আপাতত গোপন রেখেছেন একতা। একই সঙ্গে বিদ্যা বালান ফিরবেন কি না, সে বিষয়েও কোনো নিশ্চিত ঘোষণা আসেনি। ফলে ‘দ্য ডার্টি পিকচার ২’ ঘিরে এখন সবচেয়ে বড় প্রশ্ন, আবারও কি সিল্ক হয়ে পর্দায় ফিরবেন বিদ্যা?

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

16 − four =