ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় আরেকটি অনুষ্ঠান নিয়ে আসছেন। স্টার জলসার রিয়েলিটি শো ‘খেলো বাংলা’ সঞ্চালনা করবেন তিনি।
‘দাদাগিরি’র মাধ্যমে সঞ্চালক সৌরভের সঙ্গে পরিচিত হন দর্শকরা। প্রতিযোগীদের সঙ্গে তার কথোপকথন, মজার প্রশ্ন আর ব্যক্তিগত অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার ধরন অনুষ্ঠানটিকে জনপ্রিয় করে তোলে। এরপর ‘বিগ বস বাংলা’র দায়িত্ব নিয়েও আলোচনায় রয়েছেন তিনি। অনুষ্ঠানটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও সৌরভের উপস্থিতি যে বাড়তি আকর্ষণ তৈরি করেছে, তা বলাই বাহুল্য। এবার তার সঞ্চালনায় যুক্ত হচ্ছে তৃতীয় অনুষ্ঠান ‘খেলো বাংলা’।
কিছুদিন আগে অনুষ্ঠানটির প্রথম ঝলক প্রকাশ করেছিল স্টার জলসা। তবে তাতে সঞ্চালকের পরিচয় জানানো হয়নি। এবার প্রকাশিত প্রথম প্রমোতে সেই রহস্যের অবসান হয়েছে। তাতে সৌরভের উপস্থিতির পাশাপাশি অনুষ্ঠানের ধরন সম্পর্কেও ধারণা পাওয়া গেছে।
প্রমোতে দেখা যায়, ছোটবেলা থেকেই নানা বিষয়ে প্রশ্ন করতে অভ্যস্ত এক মেয়েকে। কখনো বাবা-মা, কখনো স্বামী, আবার কখনো হাসপাতালের নার্স কেউই রেহাই পান না তার প্রশ্নের মুখে। তার এই স্বভাব একসময় পরিবারের সদস্যদের বিরক্তির কারণ হলেও শেষ পর্যন্ত সেটিই হয়ে ওঠে বড় অঙ্কের অর্থ জয়ের সুযোগ।
অনুষ্ঠানটির বিশেষত্ব হলো, এখানে প্রতিযোগীরাই প্রশ্ন করবেন, আবার উত্তরও দেবেন প্রতিযোগীরাই। এ আয়োজনে ২ কোটি ৫০ লাখ রুপির বেশি অর্থ জয়ের সুযোগ থাকছে। বড় অঙ্কের পুরস্কারের পাশাপাশি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনাও দর্শকের আগ্রহের অন্যতম কারণ হয়ে উঠতে পারে।