বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনে (কপ৩১)-এই সাইডলাইন বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগ বাড়ানো এবং রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে অ্যান্থনি আলবানিজ আগামী বছর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আশা প্রকাশ করেন।

অন্যদিকে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও তারেক রহমানকে তার দেশ সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী তারেক রহমানও সুবিধাজনক সময়ে অস্ট্রেলিয়া সফরের আশা প্রকাশ করেন।

বৈঠকে তারেক রহমান জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল ও বিশেষ করে জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

একই সঙ্গে তিনি বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগ বাড়ানো এবং রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে দেশটির সহযোগিতা কামনা করেন।

জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনায় প্রধানমন্ত্রী কপ৩১-এর চলমান আলোচনা প্রক্রিয়ায় অস্ট্রেলিয়ার নেতৃত্বের ভূমিকার প্রশংসা করেন।

বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বর্তমানে বিদেশি বিনিয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে। এ সময় দুই দেশের প্রধানমন্ত্রী কৃষি খাতের উন্নয়ন নিয়েও আলোচনা করেন।

রোহিঙ্গা সংকটের বিষয়ে প্রধানমন্ত্রী বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদে প্রত্যাবাসন নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার সহযোগিতা চান। এ লক্ষ্যে দেশটির কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে এবং এর স্থায়ী সমাধানও মিয়ানমারেই নিহিত।

বৈঠকে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের উদ্যোগ নিয়েছে সরকার।

এছাড়া পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। এসব উদ্যোগের মধ্যে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষ রোপন এবং খাল খনন কর্মসূচির কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

nineteen + 17 =