চিত্রনায়িকা বুবলী এবার প্রযোজনায়

এবার অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবে নিজের পরিচিতি গড়ে তোলার পথে এগিয়ে যাচ্ছেন শবনম বুবলী। বুবলীর প্রযোজনা প্রতিষ্ঠান ‘বিগ প্রোডাকশন’-এর প্রথম নির্মাণ স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘ঠিকানা’ জায়গা করে নিয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।

দীর্ঘ অপেক্ষার পর প্রতিষ্ঠানটির প্রথম কাজ সামনে আসায় নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে ‘বিগ প্রোডাকশন’-এর যাত্রা শুরুর ঘোষণা দিয়েছিলেন বুবলী। সেই সময় বলেছিলেন, এই প্রতিষ্ঠানের ব্যানারে সিনেমা, নাটক, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও মিউজিক ভিডিও নির্মাণ করা হবে। তবে ঘোষণার পর দীর্ঘদিন প্রতিষ্ঠানটির কার্যক্রম নিয়ে তেমন কোনো খবর পাওয়া যায়নি। অবশেষে দেড় বছরের বেশি সময় পর প্রথম কাজ নিয়ে হাজির হলো প্রতিষ্ঠানটি।

যদিও এ মুহূর্তে অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন ও মাতৃত্ব নিয়েই বেশি ব্যস্ত সময় পার করছেন বুবলী। গত ১১ মে দ্বিতীয়বারের মতো মা হয়েছেন। কন্যাসন্তানের জন্মের পর থেকে অনেকটাই আড়ালে রয়েছেন এ অভিনেত্রী। দীর্ঘদিন ধরে সিনেমার শুটিং, প্রচার কিংবা বিভিন্ন বিনোদনমূলক আয়োজনে তার উপস্থিতিও চোখে পড়ছে না। ২০২৬ সালের ঈদে মুক্তি পাওয়া ‘প্রেশার কুকার’ সিনেমায় অভিনয় করলেও প্রচারে দেখা যায়নি এই অভিনেত্রীকে।

সম্প্রতি নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের নতুন লোগোর খবর এবং কোরিওগ্রাফার গৌতম সাহার সঙ্গে একটি ভিডিওবার্তায় উপস্থিতি তার জনসমক্ষে ফেরার কিছুটা হলেও ইঙ্গিত দিয়েছে। তবে নিয়মিত অভিনয়ে কবে ফিরবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি তিনি। আপাতত মাতৃত্বের পাশাপাশি নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের কাজ এগিয়ে নেওয়ার দিকেই মনোযোগী এ অভিনেত্রী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

nine − 3 =