ধবল ধোলাইয়ের শংকায় বাংলাদেশ

সেঞ্চুরিয়নে প্রথম দিনে মেরুদণ্ডহীন ব্যাটিং

বৃষ্টি বিঘ্নিত হওয়ায় সুপার সেঞ্চুরিয়ান পার্কে অনুষ্ঠানরত বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচে প্রথম দিন খেলা হয়েছে মাত্র ৫০.৩ ওভার। ৩৩.৩ ওভার খেলে বাংলাদেশের প্রথম ইনিংস গুটিয়ে গেছে ৯১ রানে। একই উইকেটে চার পেসার নিয়ে নিয়ে খেলা বাংলাদেশের বোলিং আক্রমণের বিরুদ্ধে ১৭ ওভারেই দক্ষিণ আফ্রিকা ১ উইকেট হারিয়ে করেছে ৮৮ রান।

আবহাওয়ার পূর্বাভাসে টেস্ট ম্যাচটির প্রতিদিন বৃষ্টির কথা বলা হয়েছে। কিন্তু যে ধারায় খেলা হচ্ছে টেস্ট ম্যাচটি আড়াই থেকে তিন দিনেই শেষ হবে বলে মনে হচ্ছে না। দুঃখজনক হলেও স্বীকার করতেই হবে দক্ষিণ আফ্রিকার তুখোড় বোলিং মোকাবেলায় ন্যূনতম লড়াই করার মত যোগ্যতা বা মানসিক অবস্থা বাংলাদেশের দলের নাই।

জানিনা দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস কোথায় শেষ হয়। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়ে ইনিংস পরাজয়ের বিড়ম্বনা এড়াতে পারে কিনা। ক্রিকেট গৌরবোজ্জ্বল অনিশ্চয়তার খেলা। তবে এই মুহূর্তে নিশ্চিত হয়েই বলা যায় সিরিজ ধবল ধোলাই অবধারিত হয়ে গেছে।

শুরুতেই আমি বাংলাদেশ একাদশ নির্বাচন নিয়ে লিখবো। এমনিতেই আইসিসি টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই টেস্ট ভেন্যুতে টেস্ট খেলার জন্য টেস্ট স্কোয়াড নির্বাচনে দূরদর্শিতা ছিল না। পেসি বাউন্সি উইকেটে তুখোড় প্রোটিয়া বোলারদের সামাল দেওয়ার মত একাদশে থাকা টপ অর্ডার ব্যাটসম্যানদের দক্ষতা আর যোগ্যতা ছিল তর্ক স্বাপেক্ষ।

আমি ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভালো খেলা মাহফিজুল রবিনকে দলে নেওয়া ছাড়া আর কোন ধরনেরদূরদর্শিতা দেখছি না। মানলাম সাদমান আহত হওয়ায় সমস্যা হয়েছিল। কিন্তু দলে কেন প্রমাণিত মাহমুদুল হাসান জয়কে তৃতীয় ওপেনার হিসাবে নেওয়া হলো না।

বিশেষত যখন মোমিনুল হক নড়বড়ে ফর্মে তখন মেধাসম্পন্ন টপ অর্ডার ব্যাটসম্যান না থাকায় একাদশ নির্বাচন নিয়ে সংকট ছিল। তাই প্রথম টেস্টে শোচনীয় ব্যর্থতার পরেও মমিনুলকে রাখতে হয়েছে। তানজিদ তামিম তিনটি ইনিংসে ব্যর্থ হয়েছে। কোন ইনিংসেই নিজেকে প্রয়োগ করে খেলতে পারেনি।

আর সবচেয়ে বেশি সমস্যা হয়েছে তিনটি ইনিংসেই নাজমুলের ব্যর্থতার কারণে। বাংলাদেশ বিপদে পড়েছে প্রথম টেস্টে নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম আহত হয়ে পড়ায়।   আবারও বলছি স্কোয়াড নির্বাচনে দূরদৃষ্টি না থাকায় মুশফিকের বিকল্প হিসাবে জাকের আলী অনিককে দলে নেওয়া হয়।

আমি সেঞ্চুরিয়নে চার পেসার নিয়ে খেলানোয় দোষের কিছু দেখি না। কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার পর্যায়ে কেন বলির পাঁঠা করা হলো একমাত্র বোলিং অল রাউন্ডার মেহেদী হাসান মিরাজকে। মিরাজ ব্যাটসম্যান হিসাবেও জাকের আলী অনিক থেকে অনেক সফল। আর আজ যখন চার পেসার যখন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সংগ্রাম করবে তখনো কিন্তু মিরাজের অনুপস্থিতি অনুভূত হবে। টিম ম্যানেজমেন্টকে প্রশ্ন করছি, কেন অমিত হাসানকে স্কোয়াডে রাখা হয়নি।

খেলায় ফিরি। বৃষ্টিবিঘ্নিত হয়ে দিনের খেলা ৫০% সীমিত হবার পর বাংলাদেশ টস হেরে বড় ধাক্কা খেলো। সবুজ ঘাসে ঢাকা পেসি বাউন্সি উইকেটে ময়েশ্চার ছিল। স্বীকার করতেই হবে এহেন উইকেট এবং পরিস্থিতিতে রাবাদা, নকিয়া, জানসেন, মুল্ডারকে মোকাবেলা করার মত দক্ষতা, যোগ্যতা আর মানসিকতা বাংলাদেশের টপ অর্ডারদের ছিল না। আর তাই ২০.২ ওভারেই ৬০ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ।

একমাত্র নবীন মাহফিজুল (২৩) আর মোমিনুল (১৮) ছাড়া কারো মাঝে লড়াই করার মানসিকতা ছিল না। আশা ছিল মিডেল অর্ডারে ঘুরে দাঁড়াবে তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস। দুঃখজনক হলেও দায়িত্ব নিয়ে খেলতে পারেনি হৃদয়, লিটন। আর জাকের আলী ব্যর্থ হবে জানাই ছিল।

সব কিছু মিলে ৩৩.৩ ওভারে ৯১ রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশ দলের ইনিংস নিয়ে রূপকথা বা মহাকব্য রচনার সুযোগ নেই। মার্কো জানসেন (৩/১৭), রাবাদা (৩/২৩), নকিয়া (২/১০) মিলে ধসিয়ে দিলো বাংলাদেশকে। উন্মুক্ত হলো বাংলাদেশের সিরিজ ধবল ধোলাই সম্ভাবনা।

দিনের শেষ দিকে ব্যাটিং করা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশের চার পেসার সামর্থের সব কিছু দিয়ে লড়াই করেছে। দিনশেষে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এইডেন মার্ক্রমকে হারিয়ে ৮৮ রান করেছে। বাংলাদেশের ফিল্ডার্সদের বদান্যতায় আকারমান ৪৬ আর হামজা ৯ রানে অপরাজিত আছে।

বাংলাদেশ যদি আজ দ্বিতীয় দিনে ভালো বোলিং ফিল্ডিং করে দক্ষিণ আফ্রিকার ইনিংসে ধরা ছোয়ার আওতায় সীমিত রাখতে না পারে তাহলে হয়তো এই ম্যাচ তৃতীয় দিনে বাংলাদেশের আরো একটি শোচনীয় পরাজয়ে শেষ হতে পারে। আর বর্তমানে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ পর্যায়ে সুবিধাজনক অবস্থানে থাকা দক্ষিণ আফ্রিকা আগ্রাসী থাকবে বলাই বাহুল্য।

প্রথম দিনশেষে সংক্ষিপ্ত স্কোরকার্ড

বাংলাদেশ প্রথম ইনিংস ৯১ অল আউট (মাহফিজুল ইসলাম ২৩, তাওহীদ হৃদয় ১৯, মোমিনুল হক ১৮, মার্কো জানসেন ৩/১৭, কাগিসো রাবাদা ৩/ ২৩, উইলান মুল্ডার ২/১০)

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস ৮৮/১ (মারকুইস আকারমান ৪৬*, ইবাদাত হোসেন ১/১৯)

দক্ষিণ আফ্রিকা ৯ উইকেট হাতে নিয়ে ৩ রানে পিছিয়ে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

six + ten =