আংশিক চালু মহেশখালীর এলএনজি টার্মিনাল,  রাতেই বাড়বে গ্যাস সরবরাহ

প্রায় দুই সপ্তাহ বন্ধ থাকার পর মহেশখালীর এক্সিলারেট এনার্জি পরিচালিত ভাসমান এলএনজি (FSRU) টার্মিনাল আংশিকভাবে পুনরায় চালু হয়েছে। এর ফলে ধীরে ধীরে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে।

পেট্রোবাংলার সদস্য (অপারেশন) রফিকুল ইসলাম জানান, টার্মিনালটি পুনরায় চালু হওয়ার পর বৃহস্পতিবার প্রাথমিকভাবে প্রায় ১১৫ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। তিনি বলেন, রাতের মধ্যে সরবরাহ বেড়ে ৭৫০ থেকে ৮০০ এমএমসিএফডি-তে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

গত ২১ জুলাই কারিগরি ত্রুটির কারণে এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনালটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। এতে দেশে এলএনজি পুনর্গ্যাসীকরণ (রিগ্যাসিফিকেশন) সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে যায় এবং শিল্প, বিদ্যুৎ ও অন্যান্য খাতে গ্যাস সংকট তীব্র আকার ধারণ করে।

বাংলাদেশে বর্তমানে অপর একটি এফএসআরইউ দীর্ঘদিন ধরে অচল থাকায় এ সময় এলএনজি আমদানির জন্য কার্যত একমাত্র সচল টার্মিনালের ওপর নির্ভর করতে হচ্ছিল। ফলে এই টার্মিনালের অচলাবস্থা দেশের সামগ্রিক গ্যাস সরবরাহে বড় ধরনের প্রভাব ফেলে।

পেট্রোবাংলা সূত্র জানায়, এরই মধ্যে আরেকটি এলএনজি কার্গো বাংলাদেশের জলসীমায় পৌঁছেছে। শুক্রবার থেকে কার্গোটি খালাসের কাজ শুরু হওয়ার কথা রয়েছে। খালাস প্রক্রিয়া সম্পন্ন হলে টার্মিনালটির মাধ্যমে আরও গ্যাস সরবরাহ সম্ভব হবে, যা দেশের বিদ্যমান গ্যাস সংকট নিরসনে ইতিবাচক ভূমিকা রাখবে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

four + nineteen =