এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি পাওয়ায় ৪ শিক্ষককে শোকজ

চলমান এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) ১ম পত্র বিষয়ে প্রশ্নপত্রে ত্রুটি ও অসঙ্গতির অভিযোগে প্রশ্ন পরিশোধনের (মডারেটর) দায়িত্বে থাকা চারজন কলেজ শিক্ষককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।আজ মঙ্গলবার সিলেট শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ কথা জানানো হয়।

নোটিশ প্রাপ্ত শিক্ষকেরা হলেন- শ্রীমঙ্গল সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. মুজিবুর রহমান, হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের সহকারী অধ্যাপক কাজী জুনায়েদ আল আমিন, সিলেট এমসি কলেজের সহকারী অধ্যাপক মোছাদ্দেক হোসেন খান এবং সিলেট সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মোহাম্মদ হেলাল উদ্দিন।

কারণ দর্শানোর নোটিশে বলা হয়, গত ১৩ জুলাই সোমবার সকালের পরীক্ষা চলাকালীন পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) ১ম পত্রের সৃজনশীল অংশের ৬ ও ৭ নং প্রশ্নে ত্রুটি বা অসঙ্গতি পরিলক্ষিত হয়েছে। প্রশ্নপত্রে এ ধরনের ত্রুটি বা অসঙ্গতি থাকায় পরীক্ষার হলে পরীক্ষার্থীদের চরম মানসিক চাপের মুখে পড়তে হয়েছে।

একজন দায়িত্বশীল শিক্ষক ও পরিশোধক হিসেবে প্রশ্নপত্রে এই ধরনের ত্রুটি বা অসঙ্গতি যাওয়া চরম দায়িত্বহীনতা এবং পেশাগত কর্তব্যে অবহেলার শামিল। এ ধরনের কাজে সিলেট বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

প্রশ্নপত্র পরিশোধনে এমন গুরুতর ত্রুটি বা অসঙ্গতি থাকার কারণে কেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, এর জবাব পত্র প্রাপ্তির তিন কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জানানোর অনুরোধ করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

eighteen − 5 =