কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই সিএনজি ফিলিং স্টেশনে ১৮ ঘণ্টার ধর্মঘটের ঘোষণা

ঢাকা, ২১ জুলাই — সিএনজি বিক্রিতে কমিশন বৃদ্ধি না হলে আগামী ৩০ জুলাই দেশব্যাপী ১৮ ঘণ্টার ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটির দাবি, প্রতি ঘনমিটার সিএনজি বিক্রিতে বর্তমান ৮ টাকা কমিশন বাড়িয়ে ১৩ টাকা ৯৬ পয়সা নির্ধারণ করতে হবে।

মঙ্গলবার রাজধানীর আকরাম টাওয়ারে সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচি বাস্তবায়নে গঠিত স্টিয়ারিং কমিটির আহ্বায়ক আমিরুজ্জামান চৌধুরী লিখিত বক্তব্যে জানান, আগামী ৩০ জুলাই সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত দেশের সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখা হবে।

তিনি বলেন, এ সময়ের মধ্যে দাবি বাস্তবায়নের বিষয়ে কার্যকর উদ্যোগ না নেওয়া হলে আগামী ২৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যেতে বাধ্য হবে অ্যাসোসিয়েশন।

সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের সভাপতি মনোরঞ্জন ভক্ত, মহাসচিব ফারহান নূরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সংগঠনের নেতারা অভিযোগ করেন, পর্যাপ্ত গ্যাসের চাপ না থাকায় সিএনজি সরবরাহে ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রয়োজনীয় চাপের অভাবে কম্প্রেসার পরিচালনায় বিদ্যুতের ব্যবহার বাড়ছে, ফলে পরিচালন ব্যয়ও বৃদ্ধি পাচ্ছে। অথচ কমিশনের হার দীর্ঘদিন ধরে অপরিবর্তিত রয়েছে।

তাদের দাবি, ২০১৩ সাল থেকে কমিশন বৃদ্ধির দাবিতে সরকারের সঙ্গে ধারাবাহিক আলোচনা হলেও কার্যকর সমাধান হয়নি। ওই সময় ধর্মঘটের পর সরকার একটি কমিটি গঠন করেছিল, যার প্রতিবেদনে কমিশন ১ টাকা ৯৮ পয়সা বাড়ানোর সুপারিশ করা হলেও বাস্তবে মাত্র ১ টাকা বৃদ্ধি করা হয়।

সংগঠনের ভাষ্য, এরপর একাধিক দফায় বিদ্যুতের দাম বৃদ্ধি, টাকার অবমূল্যায়ন এবং পরিচালন ব্যয় বৃদ্ধির কারণে বর্তমান কমিশন কাঠামো আর টেকসই নেই। তাদের হিসাব অনুযায়ী, বিদ্যুৎ ব্যয়ের সমন্বয়ে প্রতি ঘনমিটারে ২ টাকা ৪৬ পয়সা এবং অন্যান্য পরিচালন ব্যয় বাবদ আরও ৩ টাকা ৫০ পয়সা যোগ করে মোট ৫ টাকা ৯৬ পয়সা কমিশন বৃদ্ধি প্রয়োজন। এ কারণে বর্তমান ৮ টাকার পরিবর্তে কমিশন ১৩ টাকা ৯৬ পয়সা নির্ধারণের দাবি জানানো হয়েছে।

নেতারা সতর্ক করে বলেন, কমিশন বৃদ্ধি না হলে অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশনের পক্ষে লোকসান দিয়ে ব্যবসা চালিয়ে যাওয়া সম্ভব হবে না, যা দেশের সিএনজি সরবরাহ ব্যবস্থার ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

one × two =