কোক স্টুডিও বাংলার নতুন গান ‘মেঘ’ প্রকাশ

বর্ষার আবহ, মেঘ-বৃষ্টি আর অপেক্ষার অনুভূতিকে সংগীতে তুলে ধরে নতুন গান ‘মেঘ’ প্রকাশ করেছে কোক স্টুডিও বাংলা। রোববার থেকে গানটি কোক স্টুডিও বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে।

কোক স্টুডিও বাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আষাঢ়ের প্রকৃতি ও বর্ষার আবেগকে কেন্দ্র করে নির্মিত হয়েছে গানটি। ভারতীয় শাস্ত্রীয় সংগীতের বর্ষাকালীন রাগ ‘মিয়াঁ কি মালহার’ থেকে অনুপ্রাণিত হয়ে এর সুর ও সংগীতায়োজন করা হয়েছে।

গানটির সৃজনশীল প্রক্রিয়ায় একসঙ্গে কাজ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব এবং শাস্ত্রীয় সংগীতশিল্পী ও সুরকার মোহাম্মদ শোয়েব।

‘মেঘ’ গানটিতে কণ্ঠ দিয়েছেন মাশা ইসলাম, মোহাম্মদ শোয়েব এবং মৌসুমি। শাস্ত্রীয় সংগীতের ধারা, সমকালীন সাউন্ড ও আধুনিক সংগীতায়োজনের সমন্বয়ে গানটিকে নতুন আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে।

এর আগে গত ২৩ জুন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে ‘রুম ঝুম’ প্রকাশের মাধ্যমে কোক স্টুডিও বাংলার চতুর্থ মৌসুমের যাত্রা শুরু হয়।

কোক স্টুডিও বাংলা জানিয়েছে, এবারের মৌসুমে মোট আটটি গান প্রকাশ করা হবে। প্রতিটি গানই ভিন্ন ভিন্ন আবেগ, সুরধারা ও সংগীত ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

3 × 5 =