ঝালকাঠির ভাসমান পেয়ারার বাজার পরিদর্শন মার্কিন রাষ্ট্রদূতের

ঝালকাঠি, ৯ আগস্ট, ২০২৬ – ঝালকাঠির ঐতিহ্যবাহী ভীমরুলীর ভাসমান পেয়ারার বাজার ও পেয়ারা বাগান পরিদর্শন করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। খবর বাসস

আজ রোববার সকালে স্ত্রী মিসেস ডিয়ান ডাও-কে সঙ্গে নিয়ে তিনি নৌকায় চড়ে ভীমরুলী এলাকার ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারার বাজার এবং আশপাশের পেয়ারা বাগান ঘুরে দেখেন।

পরিদর্শনের সময় রাষ্ট্রদূত স্থানীয় পেয়ারা চাষি ও বাগান মালিকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পেয়ারা চাষ, ফলন ও বাজারজাতকরণ প্রক্রিয়ার বিভিন্ন তথ্য জেনে নেন।

পরিদর্শন শেষে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সাংবাদিকদের বলেন, ‘ভীমরুলীর প্রাকৃতিক সৌন্দর্য ও ব্যতিক্রমী ভাসমান বাজার আমাকে অত্যন্ত মুগ্ধ করেছে। এখানকার কর্মচাঞ্চল্য, কৃষকদের কঠোর পরিশ্রম এবং পেয়ারার গুণগত মান সত্যিই আকর্ষণীয়।’

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, হাওয়াই ও ক্যালিফোর্নিয়ার কিছু উষ্ণ অঞ্চলে সীমিত পরিসরে এ ধরনের পেয়ারা চাষ হয় হয় বলে জানান মার্কিন রাষ্ট্রদূত।

ভীমরুলীর ভাসমান পেয়ারার বাজার দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম প্রধান কৃষিভিত্তিক পর্যটনকেন্দ্র, যা প্রতি বর্ষা মৌসুমে বিপুল সংখ্যক দেশি-বিদেশি পর্যটককে আকৃষ্ট করে। মার্কিন রাষ্ট্রদূতের এ সফর স্থানীয় চাষিদের মাঝে ব্যাপক উৎসাহ তৈরি করেছে বলে জানিয়েছেন বাগান মালিকরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

8 − four =